ভিডিও পাইরেসি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের দাবি প্রযোজকদের
দেশীয় চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে ভিডিও পাইরেসি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতারা এই দাবি জানান। সেই সঙ্গে দেশীয় চলচ্চিত্রের স্বার্থে ভারতীয় চলচ্চিত্র আমদানির সিদ্ধান্ত স্থগিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তাঁরা।সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমরা দেড় কোটি টাকা ব্যয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করছি। কিন্তু সাত দিনের মধ্যে যখন সেটি ভিডিও সিডিতে বাজারে চলে আসে, তখন পুরো টাকাটাই লোকসান হচ্ছে।’প্রযোজক পরিবেশক সমিতির নেতা উজ্জল বলেন, ‘ভিডিও পাইরেসি বন্ধ হোক আর মালিকেরা প্রেক্ষাগৃহের পরিবেশ উন্নত করুন, তখন দেখা যাবে, প্রায় প্রতিটি চলচ্চিত্রই ব্যবসাসফল হচ্ছে।’অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিকই, কিন্তু শিল্প ইন্ডাস্ট্রি হিসেবে এই মাধ্যমটি খুবই উপেক্ষিত।’ভারতীয় ছবির আমদানি স্থগিত করা হলেও, বাংলা চলচ্চিত্রের মান উন্নত করার লক্ষ্যে দেশীয় চলচ্চিত্র নির্মাতারা কী কী উদ্যোগ নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমরা নির্মাতারাও গত্বাঁধা গল্পের বাইরে ছবি তৈরির চেষ্টা করছি। এ জন্য এফডিসিকে কারিগরি সুবিধা দিতে হবে। এফডিসির বেশির ভাগ কারিগরি যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এসব যন্ত্রপাতি মেরামত করার উদ্যোগ নিলে চলচ্চিত্রশিল্প উপকৃত হবে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিডিও পাইরেসি বন্ধে একটি আইনের খসড়া করে তা সরকারের কাছে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে। এটি আইনে পরিণত হলে ভিডিও পাইরেসি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।