ভিডিও পাইরেসির অভিযোগে ১৩ জন আটক
ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে অবৈধ উপায়ে কপি করা তিন হাজার ভিডিও সিডি জব্দ করা হয়। গতকাল দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান ও র্যাব-৩-এর কর্মকর্তা লে. কমান্ডার জার্রার হোসেন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তাঁরা জানান, দীর্ঘদিন থেকে একটি মহল অবৈধ উপায়ে ভিডিও পাইরেসি করে আসছিল। এ খবর পেয়ে র্যাব কর্মকর্তারা প্রথমে নূরুল ইসলাম ও সেলিম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্য নিয়ে পল্টন ও স্টেডিয়াম মার্কেটসহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় আরও ১১ জনকে আটক করে র্যাব।বক্তব্য দেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খসরু। তিনি জানান, আটক হওয়া তুষার সিনেমা হল থেকে চুরি করে নতুন বাংলা ছবি ভিডিও সিডিতে ধারণ করে তা একটি বেসরকারি পরিবহন সংস্থার মাধ্যমে ছবির প্রযোজকের কাছে পাঠিয়ে দেন। এরপর এই সিডির বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। র্যাব কর্মকর্তারা মিয়া বাড়ির চাকর ছবির সে রকম একটি নমুনা সিডি প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন। ব্রিফিংয়ে বক্তব্য দেন চাষী নজরুল ইসলাম, মিজু আহমেদ, গাজী মাজহারুল আনোয়ার, আজিজুর রহমান, আব্বাস উল্লাহ খান, আতিকুর রহমান ওরফে লিটন। তাঁরা সবাই আটক ব্যক্তিদের কঠিন শাস্তি দাবি করেন।আটক হওয়া নূরুল ইসলাম তুষার ও সেলিম খান সাংবাদিকদের জানান, তাঁরা বাজার থেকে ছবির সিডি সংগ্রহ করে তা একাধিক কপি করে বাজারজাত করতেন। কর্নেল জিয়াউল আহসান বলেন, চলচ্চিত্রের উন্নয়নের জন্য সারা দেশে ভিডিও পাইরেসির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। যাঁরা ধরা পড়েছেন, তাঁদের বাইরে আরও অনেকেই আছে। মূল হোতাদের খুঁজে গ্রেপ্তার করা হবে।