রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যমজ দুই বোনের ওপর বখাটের হামলার ভিডিও ফুটেজ জব্দ করেছে পুলিশ। তবে তাদের উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় করা মামলার মূল আসামি বখাটে জীবন করিমকে তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি।
শাহ আলী থানার পুলিশ বলেছে, গত বুধবার বিসিআইসি কলেজের উল্টোদিকের রাস্তায় কলেজছাত্রী যমজ দুই বোনের ওপর বখাটের হামলার দৃশ্য বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে। গতকাল শুক্রবার পুলিশ ওই সিসি ক্যামেরা জব্দ করে ভিডিও ফুটেজ দেখে বিশ্লেষণ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার গতকাল প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় বখাটে জীবন করিমের সঙ্গে আরও দুই-তিনজন ছিলেন। তাঁদের মধ্যে জীবনের এক বন্ধু লুৎফর রহমানকে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে কয়জনের সম্পৃক্ততা ও কার কী ভূমিকা ছিল, তা জানার চেষ্টা চলছে। ঘটনার পর পালিয়ে যাওয়া জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, রিমান্ডে লুৎফরের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গত বুধবার ছুটির পর বাসায় ফেরার জন্য কলেজের সামনে বাসের অপেক্ষায় থাকা দুই বোন প্রথমে উত্ত্যক্তের শিকার হয়। এর প্রতিবাদ করায় বখাটে জীবন করিম তাদের মারধর করে ও বাঁশ দিয়ে পেটায়। এতে এক বোনের বঁা পা ভেঙে যায়, অন্যজনও গুরুতর আহত হয়। এ ঘটনায় তাদের বাবা জীবন করিমের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন। ওই দিনই লুৎফরকে গ্রেপ্তার করে পুলিশ।
জীবন বিসিআইসি কলেজের কিছু দূরে ফুটপাতের পাশে অবৈধভাবে একটি ফাস্ট ফুড ও খাবার হোটেল করেছিলেন। তিনি পাশেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকেন।