ভিডিও ফুটেজ দেখে কারণ নিশ্চিত হওয়া যাবে: ফায়ার সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে বৈদ্যুতিক চায়ের কেটলি শর্টসার্কিট হয়েও আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করছে আগুনের ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিটির প্রধান সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলোকে এসব কথা বলেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক (ঢাকা বিভাগ) সমরেন্দ্র নাথ বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের ১৪ তলায় ক্ষতিগ্রস্ত বৈদেশিক মুদ্রানীতি বিভাগে যান। বেলা ২টা পর্যন্ত তাঁরা সেখানে থেকে ক্ষতিগ্রস্ত স্থানের জিনিসপত্রের ছবি তোলেন। পরে তদন্ত কমিটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল কম্পিউটার, সিপিইউসহ ক্ষতিগ্রস্ত মালপত্র জব্দ করে। এগুলো সিআইডির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হবে। আগের দিন সিআইডির অপরাধ শনাক্তকরণ দল সেখান থেকে অন্য আলামত জব্দ করে। পরীক্ষার প্রতিবেদন মতিঝিল থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।
গতকাল তদন্ত কমিটির প্রধান সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ব্যাংক ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষের সিলিং পুড়ে লালচে হয়ে গেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হয়। চা বানানোর বৈদ্যুতিক কেটলির প্লাগটি পুড়ে আলাদা হয়ে গেছে।