চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। উভয়
মামলায় ছাত্রশিবিরের ৩৫ জনকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।
ভিডিও ফুটেজ পরীক্ষা করে ১৬ জনকে এবং বাকি ১৯ জনকে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে চট্টগ্রাম
কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গত রোববার সকালে বাদুরতলা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।
এতে পুলিশের তিন সদস্য ও একজন সাংবাদিক আহত হন। হামলাকারীরা কয়েকটি যান ভাঙচুর করে এবং পুলিশের রাইফেলের
বাঁট ভেঙে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালানোর কারণে দ্রুত বিচার
আইনে এবং পুলিশের ওপর হামলা চালানোর কারণে সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনে আরেকটি মামলা হয়েছে। উভয়
মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার সকালে ঘটনাস্থলে গ্রেপ্তার হওয়া দুজন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে গ্রেপ্তার হওয়া ১৪ জনকে
ভিডিও ফুটেজে হিংস্র আচরণ করতে দেখা গেছে। তাঁরা বাদুরতলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর করছিলেন। পুলিশকে
নর্দমায় ফেলে নির্দয়ভাবে পেটাচ্ছিলেন। ভিডিও ফুটেজেই তাঁদের হিংস্র আচরণ ধরা পড়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন বলেন, ‘রোববার বিকেলে চট্টগ্রাম কলেজের ছাত্রাবাস থেকে গ্রেপ্তার
হওয়া শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীমসহ পাঁচজন ইতিপূর্বে নাশকতা সৃষ্টির সময় আরও দু-তিনবার ধরা পড়েছে। এরা
দ্রুততম সময়ে জামিনে বেরিয়ে আবার নাশকতা সৃষ্টি করছে। পুলিশের ওপর চড়াও হচ্ছে।’
পুলিশ সূত্র জানায়, পুলিশ ভিডিওর সূত্র ধরে বাকিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। আরও কয়েকজন আছেন,
যাঁরা আগের নাশকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের অনেকেই গ্রেপ্তারও হয়েছিলেন। আবার জামিনে বেরিয়ে পুলিশের ওপর চড়াও
হচ্ছেন।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজ আহমেদ বলেন, ৩৫ আসামির মধ্যে একজন শিবিরের কর্মী ইতিপূর্বে
তিনবার গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরই নাশকতায় জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু জামিনে বেরিয়ে আসার পর সেটা
ভুলে যান।