সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত ২৯ ডিসেম্বর আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
শফিউর রহমান মিলনায়তনে সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময়ে সাবেক বিচারপতি মীর হাসমত আলী, সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাইদুর রহমান, এম বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন। সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল হক তালুকদারের সঞ্চালনায় সহসভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, মো. শাহাজাদা, কোষাধ্যক্ষ রবিউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীদের অবস্থানকালে ‘বহিরাগত সন্ত্রাসীরা’ ফটক খুলে হামলা করে। ওই ঘটনায় ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভায় এর প্রতিবাদে ও সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ গ্রেপ্তার হওয়া আইনজীবীদের মুক্তির দাবিতে সমিতির সাবেক নেতা ও সাবেক বিচারপতিদের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে এই মতবিনিময় হয়। বিজ্ঞপ্তি।