ভিডিও ফুটেজে ছবি না থাকায়...
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের ধারণ করা ভিডিওচিত্রে নিজের ছবি না থাকায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের এক নেতা ক্যামেরাম্যানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের পৌর বিপণি মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় দোকানের আসবাব ভাঙচুর করা হয়।আহত ক্যামেরাম্যান সুজিত জানান, ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গত ৪ জানুয়ারি শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে জেলা ছাত্রলীগ। অনুষ্ঠানের ভিডিওচিত্র ধারণ করেন তিনি। এরপর জেলা ছাত্রলীগের সভাপতির পরামর্শে সেটি সম্পাদনা করা হয়। গত রোববার রাতে ও গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠানের ভিডিওচিত্র স্থানীয় কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে দেখানো হয়। কিন্তু ভিডিওচিত্রে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল আহমদের ছবি কম থাকায় তিনি ক্ষুব্ধ হন। সন্ধ্যায় তিনি সুজিতের দোকানে গিয়ে ফুটেজে তাঁর ছবি কেন নেই সেটি জানতে চান। এরপর হঠাৎ উত্তেজিত হয়ে সুজিতকে মারধর শুরু করেন। এতে সুজিতের মাথা ফেটে যায়। পরে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।রাসেল আহমদ বলেন, ‘আমি পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম। কিন্তু ফুটেজে আমার কোনো ছবি নাই। বিষয়টি জানতে চাইলে সুজিত উল্টাপাল্টা কথা বলায় তাকে দুটো চড় মেরেছি। সে ঘর থেকে দৌড়ে বের হওয়ার সময় দেয়ালে লেগে তার মাথা ফেটেছে।’জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ বলেন, ‘ছাত্রলীগ করলেই যা খুশি করা যাবে না। আমি পুলিশকে বলেছি, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে।’সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল দেখে এসেছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’