ভিডিও বার্তাকে হুমকি মনে করি না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিও বার্তার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এ ধরনের ভিডিও বার্তাকে আমরা কোনো ধরনের হুমকি বলে মনে করি না।’ যারা এ ঘটনার সঙ্গে জড়িত, শিগগিরই তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।
আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে এ কথা জানান।
মন্ত্রী আরও বলেছেন, ভিডিও বার্তাটি কোথা থেকে এসেছে, এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলে তিনি জানান।
গতকাল শনিবার ইউটিউব, ব্লগসহ বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ এক ভিডিও বার্তা নজরে আসে। সেখানে বাংলাদেশে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়। ওই ভিডিও বার্তার ব্যাপ্তি ছিল প্রায় ২৯ মিনিট। বার্তার শুরুতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর হামলার স্থিরচিত্র দেখানো হয়। তবে আল-জাওয়াহিরি তাঁর বক্তব্যে সরাসরি হেফাজতে ইসলাম বা জামায়াতে ইসলামীর নাম উচ্চারণ করেননি। বক্তৃতার একটি অংশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আল-কায়েদার প্রধান বাংলাদেশ সরকারকে ‘ইসলামবিরোধী’ ও ‘ধর্মনিরপেক্ষ’ হিসেবে অভিহিত করেছেন। তবে বাংলাদেশে এ বার্তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আল-কায়েদার প্রচারণার সঙ্গে যুক্ত আস-সাহাব মিডিয়া ফাউন্ডেশন গত নভেম্বরে বার্তাটি তৈরি করেছে। আস-সাহাবের ওয়েবসাইটে এটি অবশ্য নেই। বিভিন্ন ব্লগে আল-জাওয়াহিরির পুরো বক্তব্য পাওয়া যাচ্ছে। আর ভিডিও বার্তাটি রয়েছে জিহাদোলজি ডটনেট নামের একটি ওয়েবসাইটে।