ভিডিও বার্তার সম্প্রচার উৎস যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়মান আল-জাওয়াহিরি
আয়মান আল-জাওয়াহিরি

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত ভিডিও বার্তাটি যুক্তরাষ্ট্র থেকে ইন্টারনেটে ছাড়া হয়।
গতকাল সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
ভিডিও বার্তাটির সম্প্রচার উৎসটি শনাক্ত করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও জানিয়েছেন। গতকাল বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া শেষে বিএনএস বঙ্গবন্ধু জাহাজে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে তিনি বলেন, কারা বার্তাটি সম্প্রচার করেছে, তা এখনো জানা যায়নি, শনাক্ত করার চেষ্টা চলছে।
তারিক সিদ্দিকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, আল-কায়েদার প্রধানের হুমকির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা জোরদারেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিটিআরসির কর্মকর্তারা জানান, ভিডিও বার্তাটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে পরিচালিত জিহাদোলোজি ডট কম নামের ওয়েবসাইটে প্রথম প্রকাশ করা হয়। জানতে চাইলে বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসাইন খান প্রথম আলোকে বলেন, জিহাদোলোজি ডট কম নামের সাইটটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে গতকাল রাত নয়টায় ওই ওয়েবসাইট খোলা দেখা গেছে।
সম্প্রতি ‘বাংলাদেশ: ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স’ শীর্ষক এক ভিডিও বার্তায় বাংলাদেশে ‘ইসলামবিরোধী’দের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের (ইন্তিফাদা) ডাক দেন আয়মান আল-জাওয়াহিরি।