নীলফামারীর ডিমলা উপজেলায় এক কলেজছাত্রীকে (২০) ধর্ষণের ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গত শনিবার রাতে থানায় মামলা হয়েছে৷
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রী নিজে বাদী হয়ে মামলাটি করেন৷ রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি রশিদুল ইসলামকে (৩৫) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভিডিওচিত্র যে মুঠোফোনটি দিয়ে ধারণ করা হয়, সেটি জব্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে রশিদুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে৷
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারেছুল ইসলাম বলেন, ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল রোববার নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ডিমলা উপজেলার একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর গ্রামের রশিদুল ইসলাম প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন৷ এ অবস্থায় চলতি বছরের ১৫ মে কলেজ ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফিরছিলেন৷ পথে একা পেয়ে রশিদুল ইসলাম তাঁকে ধরে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ এবং মুঠোফোনের মাধ্যমে এর ভিডিওচিত্র ধারণ করেন৷ ঘটনা ফাঁস করলে ভিডিওচিত্র ইন্টারনেট ও মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হবে বলে তিনি হুমকি দেন৷
দুই দিন আগে রশিদুল ইসলাম ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেন। ঘটনা জানাজানি হলে ওই ছাত্রী থানায় গিয়ে মামলা করেন।