ভিডিওচিত্র কিশোরদের হাতে হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার স্কুলশিক্ষক হেলাল উদ্দিন সম্পর্ক গড়ে ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে মেলামেশার যেসব ছবি তুলেছিলেন, সেই ভিডিও দৃশ্যগুলো এখন এলাকায় এমনকি শিশু-কিশোরদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। একাধিক অভিভাবক একে ‘সামাজিক বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন।
কুষ্টিয়া শহরের এক অভিভাবক প্রথম আলোকে বলেন, সিডির দোকানে ১০ টাকায় পাঁচটি দৃশ্য বা ক্লিপ বিক্রি হচ্ছে। তাঁর মতে, এগুলো ছড়িয়ে পড়া থামাতে বাজার থেকে তুলে নেওয়ার ব্যাপারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।
কুষ্টিয়া মডেল থানায় পুলিশ ৭ জুলাই চারজনকে আসামি করে মামলা করেছে। বাংলাদেশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ (১) ( ৬) ও (৭) ধারায় করা মামলায় হেলাল ছাড়া অন্য আসামিরা হচ্ছেন প্রকৌশলী আলিমুজ্জামান ওরফে টুটুল, প্রকৌশলী শরিফুল ইসলাম ওরফে সজল ও প্রকৌশলী হাসানুজ্জামান হাসান। চার আসামিরই বাড়ি কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে।
কিন্তু প্রকাশ হয়ে পড়া ভিডিও ক্লিপে হেলাল ছাড়া অন্য যে পুরুষদের দেখা যায়, তাঁদের মধ্যে দুজনকে আসামি করা হয়নি। পুলিশ এ পর্যন্ত এজাহারভুক্ত মাত্র একজনকে (হাসানুজ্জামান হাসান) গ্রেপ্তার করেছে, যাঁকে অবশ্য প্রাপ্ত দৃশ্যগুলোয় দেখা যায় না।
মামলার এজাহার অনুযায়ী, কুষ্টিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক হেলাল উদ্দিন তাঁর কাছে পড়তে আসা এক ছাত্রীর সঙ্গে জোর করে ছবি তুললে সে কথা জানাজানি হয়ে যায়। গত ১৫ জুন এ নিয়ে ওই ছাত্রীর আত্মীয়স্বজন, এলাকার মানুষ ও কয়েকজন সাংবাদিক হেলালকে মারধর করেন। তাঁরা হেলালের ল্যাপটপ ও মুঠোফোন কেড়ে নেন। সেই ল্যাপটপ এলাকার একটি কম্পিউটারের দোকানে নিয়ে পরীক্ষা করলে তাতে ভিডিও দৃশ্যগুলো পাওয়া যায়। তারপর এগুলো হাতে হাতে ছড়িয়ে পড়ে।
এজাহারে বলা হয়, গোপন ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো চার-পাঁচ বছর আগে থেকে শুরু করে গত ১৪ জুনের মধ্যে ঘটা ঘটনার।
‘সামাজিক বিপর্যয়’: এই প্রতিবেদক ১৯ জুলাই হরিপুরে গেলে একজন অভিভাবক বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারব না যে আমার উঠতি বয়সী ছেলের মোবাইলে এই ফুটেজগুলো নাই। লজ্জায় ছেলের কাছে কিছু জানতে চাইতে পারি না। এসব দেখে এই বয়সী ছেলেদের মনোজগতের কী অবস্থা হবে, তা তো বুঝতেই পারি।’
আলাপকালে এলাকার কয়েকজন কিশোর স্বীকার করেছে, তাদের মুঠোফোনে দৃশগুলো ছিল। তবে এলাকায় পুলিশি অভিযানের ভয়ে তারা সেগুলো মুছে ফেলেছে।
২০ জুলাই কুষ্টিয়া শহরে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণীর কয়েকজন ছাত্রকে মোবাইলে থাকা দৃশ্যগুলো নিয়ে হাসাহাসি করতে দেখা যায়। এরা ভুক্তভোগী মেয়েদের নামে চেনে এবং পরিবারগুলোর ঠিকানা জানে। হরিপুর গ্রামটি শহরের কাছেই।
ভিডিও দৃশ্যগুলো ছড়িয়ে পড়ায় মেয়েদের পরিবারগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবারগুলো বলতে গেলে একঘরে হয়ে জীবন কাটাচ্ছে। একজন মা বলেন, বাইরে বেরোলে অনেকে হাসাহাসি করে, এটা-ওটা বলে।
এই মা মিনতি করে বলেন, ‘আমাদের যা হওয়ার তা তো হইছেই। এখন আর যাতে বিষয়টা বেশি জানাজানি না হয়, তার জন্য বাজারে যা আছে তা মুছে দেন।’
কুষ্টিয়ার নাগরিকদের পক্ষ থেকে ৮ জুলাই জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপিতে ভিডিও দৃশ্যগুলো এলাকায় ছড়িয়ে পড়াকে ‘সামাজিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে তা প্রতিরোধ করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দৃশ্যগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ছেলেদের মেস, সিডির দোকানসহ সব জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
এদিকে ইন্টারনেটে চলে যাওয়া ভিডিও দৃশ্যগুলো উদ্ধারের দায়িত্ব পুলিশ ও প্রশাসন পরস্পরের ঘাড়ে চাপাচ্ছে। এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কার, সেটা জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘এ-সংক্রান্ত আইনকানুন নতুন। তাই ব্যাপারটা সেভাবে স্পষ্ট নয়।’ হেলালের ল্যাপটপের হার্ডডিস্কটি কোথায় আছে, পুলিশের সেটাও জানা নেই।
এজাহারে নাম নেই: ভিডিও দৃশ্যগুলোতে হরিপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনো ও তাঁর ভাগনে দুলাল উদ্দিনকে দেখা যায়। কিন্তু পুলিশ এই দুজনকে মামলায় আসামি করেনি। এলাকার মানুষ এ নিয়ে ক্ষুব্ধ। জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিটিতে কুষ্টিয়ার নাগরিকেরা হেলালসহ সবার বিচার এবং মনিরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন।
জানতে চাইলে মামলার বাদী এসআই মনিরুল ইসলাম অবশ্য বলেন, ‘মামলায় অজ্ঞাতনামা হিসেবে চার-পাঁচজনের কথা বলা আছে। অন্য কেউ জড়িত থাকলে তাদের নাম ঢোকানোর সুযোগ আছে।’ একই আশ্বাস দিলেন এসপি।
মামলাটি এখন তদন্ত করছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত কর্মকর্তা এসআই মুরাদ হোসেন টেলিফোনে প্রথম আলোকে বলেন, তিনি শুনেছেন যে মামলা লিপিবদ্ধ করার সময় কয়েকজন বাদ পড়েছে। তবে এদের ধরা হবে বলে জানান তিনি।
১৯ জুলাই হরিপুর গ্রামে গিয়ে আসামিদের সবার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। মনিরুল ইসলামের বাড়ির কেউ কথা বলতে রাজি হননি। কয়েকজন প্রতিবেশী বলেন, মনিরুল আগে একটি বিমা কোম্পানিতে কাজ করতেন। তাঁর মেজো ভাই আওয়ামী লীগের হাটশ হরিপুর ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তাঁর ভাগনে দুলাল এ বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন।
ছবিতে নেই, কিন্তু গ্রেপ্তার: এ মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাসানুজ্জামান হাসানকে ভিডিও দৃশ্যগুলোতে দেখা যায় না। এটা মামলার বাদী এসআই মনিরুলও স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘স্থানীয় অনেক পত্রিকায় হাসানুজ্জামানের নাম ছিল। তাই দেখে মামলার এজাহারে নাম দেওয়া হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে হাসানুজ্জামান অপরাধ করেননি, তা হলে তিনি ছাড়া পেয়ে যাবেন।’
মামলার পরিস্থিতি: ভুক্তভোগীদের পরিবারগুলো ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, মামলার অগ্রগতি অত্যন্ত ধীর।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমান বলেন, ঘটনার বেশ কিছুদিন পর মামলা হয়েছে। ইতিমধ্যে আসামিরা পালিয়ে গেছে। তাদের ফোনও এখন বন্ধ। তবে তিনি বলেন, আসামিরা যাতে দেশ ছাড়তে না পারে, পুলিশ সে ব্যবস্থা নিয়েছে।
এসপি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, অভিভাবকেরা পুলিশকে সহযোগিতা করছেন না। পরিবারগুলোর মানসম্মানের কথা ভেবে পুলিশও খুব সতর্ক হয়ে তদন্ত চালাচ্ছে।
ভুক্তভোগী একটি মেয়ের বৃদ্ধ এক অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘আমরা তো বিশ্বাস করে ছেলেমেয়েকে স্কুলে পাঠাই। কিন্তু এখন যা শুনছি, তা শুনতেও তো লজ্জা লাগে।’ তিনি দায়ী ব্যক্তিদের কঠোরতম শাস্তি দাবি করেন। একই সঙ্গে অভিভাবক এবং মেয়েদেরও সতর্ক ও সচেতন হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
[প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান]