ভিডিওচিত্র ধারণকারী ঘটনার বর্ণনা দিলেন আদালতে
সিলেটের শিশু সামিউল আলমকে (রাজন) পিটিয়ে হত্যার ঘটনা আদালতে বর্ণনা করলেন ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ (২৪) ও দুলাল আহমদ (৩২)। আজ মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর হাকিম মো. আনোয়ারুল হকের কাছে ১৬৪ ধারায় দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, পরে দুজনকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে নূর আহমদ ভিডিও ধারণ করার পুরো বর্ণনা দেন। তিনি জানান, কামরুলের নির্দেশেই তিনি ভিডিও ধারণ করেন। তবে তাঁর মাধ্যমে ফেসবুকে ভিডিও ছাড়া হয়নি বলে দাবি করেন তিনি। শিশু রাজনের মৃত্যুর খবর তিনি পরে জানতে পারেন। এ কারণে তিনি ভয়ে পালিয়েছিলেন।
অন্যদিকে দুলাল আহমদ ঘটনার সময় শুধু উপস্থিত ছিলেন জানিয়ে জবানবন্দিতে পুরো ঘটনার বর্ণনা দেন। দুজনের জবানবন্দিতে ঘটনার বর্ণনার সঙ্গে ভিডিওচিত্রের মিল রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
এ দুজনের একজনকে তাঁর বাবা এবং আরেকজনকে তাঁর মা ধরে এলাকাবাসীর মাধ্যমে পুলিশে দিয়েছিলেন। সামিউলকে যেখানে পিটিয়ে হত্যা করা হয় সেই জায়গার পাশেই নূর আহমদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি মুঠোফোনে ২৮ মিনিট ৫২ সেকেন্ড ধরে ওই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন। ১৫ জুলাই রাতে ঘটনাস্থলের অদূরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল এলাকার বাড়ি থেকে নূরকে তাঁর বাবা নিজামউদ্দিন ধরে পুলিশে দেন। এ সময় তিনি ছেলে অপরাধী হলে শাস্তি দেওয়ারও দাবি জানান। একইভাবে আগের দিন ১৪ জুলাই দুলাল আহমদকে (৩২) তাঁর মা রাজিবুন নেছা এলাকাবাসীর মাধ্যমে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।
গত ৮ জুলাই রাজনকে কুমারগাঁও বাসস্টেশনে বর্বর নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ গুম করার চেষ্টা হয়েছিল। এই ঘটনায় আটক ১০ জনের মধ্যে এ নিয়ে তিনজন আদালতে জবানবন্দি দিলেন। গতকাল সোমবার প্রথম চৌকিদার ময়না মিয়া জবানবন্দি দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন। ঘটনার মূল হোতা কামরুল ইসলাম পালিয়ে সৌদি আরবের জেদ্দায় গিয়ে জনতার হাতে ধরা পড়েন।
মামলার তদন্ত সমন্বয়কের দায়িত্বে থাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানিয়েছেন, কামরুলকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।