ভিডিওবার্তায় নির্বাচন বর্জনের আহ্বান তারেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশবাসীর উদ্দেশে ২২ মিনিট ৫৮ সেকেন্ডের এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান তারেক রহমান।

ভিডিওবার্তার শুরুতেই তারেক রহমান বলেন, ‘আমাদের দেশ যখন আজ এক গভীর অনিশ্চয়তায় নিমজ্জিত, তখন “আপনারা ভালো আছেন”—এই প্রত্যাশা যেন নিছকই এক আনুষ্ঠানিকতা।’

তারেক রহমান দাবি করেন, গত পাঁচ বছরে দেশের সম্পদের অভূতপূর্ব লুটপাট, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ন্যক্কারজনক বিনাশ আর রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের নজিরবিহীন দমনের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, গত নির্বাচনে তাদের ক্ষমতা লাভের প্রক্রিয়াটি প্রকৃতপক্ষেই কলঙ্কজনক ছিল।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দাবি করেন, বাংলাদেশজুড়ে গভীর রাজনৈতিক সংকট চলছে। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের ওপর বিক্ষুব্ধ হয়ে আছে দেশের মানুষ। জনসমর্থন ও আত্মবিশ্বাস শূন্যের কোঠায় পৌঁছানো আওয়ামী লীগ সরকার গণমানুষের ইচ্ছাকে তাদের হীন রাজনৈতিক স্বার্থের মুখোমুখি দাঁড় করিয়েছে।

খালেদা জিয়ার বড় ছেলে দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, রাজনৈতিক গুম-খুন, সাংবাদিক নির্যাতন ও হত্যা, নতজানু পররাষ্ট্রনীতি, ধর্মপ্রাণ নাগরিকদের গণহত্যা, আর দুর্নীতির স্থানীয় ও আন্তর্জাতিক সব অভিযোগের মুখে মানুষ প্রতিটি পদে পদে এ সরকারের ওপর অনাস্থার কথা জানিয়ে দিয়েছে। রাষ্ট্রযন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত স্থানীয় নির্বাচনগুলোয় প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপি প্রার্থীদের ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নির্বাচনী অবস্থান—দুটোকেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

তারেক রহমান বলেন, ‘২০০৬ সালে সংবিধান অনুযায়ী বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নেয়নি। এখন শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হতে চাচ্ছেন। তিনি কেবল অনিরপেক্ষই নন, খোদ আওয়ামী লীগের প্রধান। কোন ভরসায়, কিসের ভিত্তিতে বিএনপি বা অন্য যেকোনো দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে?’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ‘সংবিধান তো ঐশী বাণী নয় যে এটিকে পরিবর্তন করা যাবে না। দেশের প্রত্যেকটি মানুষের মতো আমিও প্রশ্ন করতে চাই: সংবিধানের জন্য জনগণ, নাকি জনগণের জন্য সংবিধান?’

তারেক রহমান বলেন, ‘সরকার ১৮-দলীয় জোটসহ সকল বিরোধী দলকে বাইরে রেখে একদলীয় প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে। অথচ দেশে-বিদেশে নানা জরিপ, পর্যালোচনা ও গবেষণা থেকে স্পষ্ট হয়েছে যে, দেশের শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ। এরই মাঝে সরকার পরিকল্পিতভাবে একটি প্রহসনের নির্বাচনের দিকে এগোচ্ছে।’

দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে আমরা যাঁরা গণতন্ত্রের মূলনীতিতে বিশ্বাস করি, আজ সময় এসেছে আমাদের সবার এক হয়ে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ, প্রতিহত ও বর্জন করার। ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়, এটি করতে হবে দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে, দেশের অস্তিত্বের স্বার্থে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘পুলিশ, র‌্যাব, বিজিবি ও প্রশাসন-সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে রাখতে হবে যে, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মী। দেশের পরিস্থিতি বা সরকারে থাকা দলের উদ্দেশ্য ও পরিকল্পনা যা-ই হোক, আপনারা দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারেন না।’

বিএনপি ও ১৮ দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এখন সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময়। আর নির্দেশনার জন্য অপেক্ষা নয়। এখন থেকে লক্ষ্য একটাই—সকল ক্ষুদ্র বিভাজন ভুলে স্বৈরাচারী সরকার আর তার প্রহসনের নির্বাচনকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।’

তারেকের ভিডিও বার্তা