ভিডিওর সঙ্গে জামায়াত জড়িত থাকতে পারে
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিও বার্তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানিয়েছেন, ভিডিও বার্তার সঙ্গে জড়িত সব বিষয় সরকারের নজরে আছে।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবির খবরে প্রতিমন্ত্রী বলেছেন, ইন্টারনেটে জাওয়াহিরির ভিডিও বার্তায় বাংলাদেশের বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে তার সঙ্গে জামায়াতের বক্তব্যের মিল রয়েছে। তাই ভিডিও বার্তার সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহপ্রকাশ করেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, অতীতে দেশে জঙ্গিদলের অস্তিত্ব থাকলেও গত পাঁচ বছরে তাদের দমন করতে সরকার সফল হয়েছে।
জাওয়াহিরির ভিডিও বার্তার উদ্দেশ্য কী হতে পারে, এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিডিও বার্তার সঙ্গে জড়িত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক অঙ্গনে এর ভূমিকা—সবকিছু নিয়ে আমাদের ভাবতে হবে।’
ভিডিও বার্তা সম্পর্কে আগে সরকার কিছু জানত কি না, এমন প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, ‘ভিডিও বার্তাটি আগে আমাদের নজরে আসেনি। মিডিয়া যখন জেনেছে, আমরাও তখন ভিডিও সম্পর্কে জেনেছি।’
দুবাইয়ের ভিসা বন্ধ কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন দুবাইয়ের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম কথা হলো, দুবাই ভিসা বন্ধ করেনি। দুবাইতে শ্রমিক যাচ্ছে।’ গত মাসেও সেখানে এক হাজার ৭০০ জনের বেশি শ্রমিক গেছেন বলে তিনি জানান।