
নাটোরের বড়াইগ্রামে জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধর্মপল্লির পুরোহিত ওয়াল্টার উইলিয়াম রোজারিও নিখোঁজের পর চার দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশ বলেছে, তারা একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন পাঁচ তরুণকে খুঁজছে।
এদিকে দিন যত গড়াচ্ছে নিখোঁজ ওয়াল্টারের পরিবারের সদস্যদের উৎকণ্ঠাও তত বাড়ছে। বিভিন্ন গির্জায়ও তাঁর সন্ধান প্রাপ্তির আশায় প্রার্থনার আয়োজন চলছে। গত সোমবার বিকেলে বড়াইগ্রামের বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লিতে যাওয়ার পথে নিখোঁজ হন ওয়াল্টার। পরে বুধবার তাঁর পরিবার জানায়, মঙ্গলবার মধ্যরাতে তাঁদের কাছে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে তাঁকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন। রাতেই অপর একটি ফোন করে তাঁর মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা চাওয়া হয়।
ওয়াল্টারের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে নিয়োজিত পুলিশের একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে জানায়, তাদের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে তাঁর সন্ধানে পুলিশ পাঁচ তরুণকে খুঁজছে। নিখোঁজের ঘটনার দুদিন আগে জোনাইল মারিয়াবাদ ক্যাথলিক চার্চের সামনে এই তরুণেরা দুটি মোটরসাইকেলে চড়ে উইলিয়ামের গতিবিধি লক্ষ করছিলেন। চার্চের সামনে লাগানো সিসি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে।
পুলিশের ওই সূত্র বলেছে, ওই তরুণদের একজনের সঙ্গে জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর সম্পর্ক রয়েছে বলে পুলিশ ধারণা করছে। ওই ছাত্রী বিদ্যালয়ে এসে নিয়ম ভেঙে মুঠোফোনে সেই তরুণের সঙ্গে কথা বলতেন। বিষয়টি জেনে প্রধান শিক্ষক ওয়াল্টার ছাত্রীকে বিদ্যালয়ে মুঠোফোন আনতে নিষেধ করেছিলেন। এ ঘটনায় ওই তরুণদের পক্ষ থেকে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক আইনের আশ্রয় না নিলেও তিনি সহকর্মীদের বিষয়টি জানিয়েছিলেন। ইতিমধ্যে পুলিশ ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে সে তেমন কোনো তথ্য দিতে পারেনি।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও অনুসন্ধান চালানো হচ্ছে। দৃশ্যমান কিছু না পেলে আমরা কিছু বলতে পারব না।’
এদিকে নিখোঁজ ওয়াল্টারের বড় ভাই অর্জুন রোজারিও বলেন, ওয়াল্টার তাঁদের সাত ভাইবোনের সবার ছোট। কয়েক দিন ধরেই তাঁরা সবাই এক বাড়িতে অবস্থান করছেন। সব সময় ফোন হাতে অপেক্ষা করছেন, ছোট ভাইয়ের কোনো সংবাদ পাওয়া যায় কি না। এভাবে আর কত দিন অপেক্ষা করতে হবে, তা বুঝতে পারছেন না।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বনপাড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক পরিমল গমেজ বলেন, শুক্রবার (আজ) পোপ ফ্রান্সিসের ‘খ্রিষ্টযোগে’ অংশ নিতে স্থানীয় খ্রিষ্টান ধর্মপল্লির ফাদার-সিস্টারসহ দুই শতাধিক খ্রিষ্টভক্ত ঢাকায় গেছেন। তাঁরা ফিরে এলে ফাদার ওয়াল্টারকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ অন্যান্য কর্মসূচি দেওয়া হবে।