ভিতরগড় এক বিশাল দুর্গনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহর থেকে ১৬ কিলোমিটার উত্তরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন দুর্গনগর ভিতরগড়। এই নগর চারটি দেয়াল দিয়ে সুরক্ষিত। এর বাইরের দুটি গড় বা দেয়াল মাটি দিয়ে বানানো। সামনে আছে পরিখা। ভেতরের দুটি দেয়াল ইটের তৈরি।কিন্তু এই দুর্গনগরের অমূল্য প্রত্নসম্পদ অযত্ন-অবহেলা আর সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। ইতিমধ্যে একটি কোম্পানি গড় এলাকায় চা-গাছ রোপণ করেছে। গড়ে তোলা হয়েছে মৎস্যখামার। বসতবাড়িও গড়ে তুলেছেন কেউ কেউ।ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ও প্রত্নতত্ত্ববিদ শাহনাজ হুসনে জাহান ২০০৯ সালের জানুয়ারি থেকে ভিতরগড়ে প্রত্নতাত্ত্বিক জরিপ ও খননকাজ পরিচালনা করছেন।গোটা ভিতরগড় ঘুরে দেখা যায়, যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রাচীন ইট ও ইটের টুকরা। দুর্গপ্রাচীর কেটে বাড়িঘর নির্মাণ করেছেন কেউ কেউ।পঞ্চগড়ের অধিবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ও পিএইচডি গবেষক (ভিতরগড়) মুর্শেদ রায়হান বলেন, দুর্গের আশপাশে যত্রতত্র মাটি কেটে নেওয়া এবং সেখানে বসতবাড়ি নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মহামূল্যবান প্রত্ননিদর্শন। এ সম্পর্কে সাধারণ মানুষ সঠিকভাবে কিছু জানে না। তাই তারা নির্বিচারে প্রত্নসম্পদগুলো নষ্ট করে চলেছে।স্যালিলান টি এস্টেট নামের একটি চা-কোম্পানি এবার পরিকল্পিতভাবে ভিতরগড়ের মধ্যবর্তী গড়ের জমি চষে চা-গাছ রোপণ শুরু করেছে। এই কোম্পানিটি এর আগে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভিতরগড়ের মূল গড়টি অবৈধভাবে দখলে নিয়ে চা-বাগান করে। সরেজমিনে দেখা গেছে, ভিতরগড়ের মডেলহাট এলাকায় মাটি কেটে দুর্গের ওপর ভবন নির্মাণ করেছে অ্যাসোর্ট প্লাস লিমিটেড নামের আরেকটি কোম্পানি। কোম্পানিটি এখানে ১০ একর জমি কিনে নিয়েছে বলে জানা গেছে। তারা এখানে মৎস্যখামার ও হ্যাচারি করছে। যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভিতরগড় দিঘি, ভিতরগড় বাঁধসহ পুরো এলাকাকে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হিসেবে আখ্যায়িত করে এখানে যেকোনো কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেছে। পাশাপাশি এটি সংরক্ষণে জনসাধারণের সহযোগিতা কামনা করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে অধিদপ্তর।স্যালিনাল টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক সুজাউর রব চৌধুরী বলেন, ‘আমরা সেভাবে কিছু করিনি। চা-বাগান করেছি। এতে প্রত্নতাত্ত্বিক নির্দশন ধ্বংস করা হয়েছে, তা ঠিক নয়।’ অ্যাসোর্ট প্লাস লিমিটেড কোম্পানির প্রতিনিধি জনি বলেন, ‘আমরা কোনো প্রত্নতাত্ত্বিক নির্দশন নষ্ট করিনি। সরকারি আইনকানুন মেনে মৎস্যখামার গড়ে তুলেছি।’জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, ‘ভিতরগড়ের মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় প্রশাসন সচেষ্ট রয়েছে।’পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় দুর্গ রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে সম্প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভিতরগড়ের ২৫ বর্গকিলোমিটার এলাকায় যেকোনো কাজের ওপর ছয় মাসের জন্য নজরদারি রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন আদালত। ভিতরগড়ের ঐতিহাসিক স্থাপনা নষ্ট করা হচ্ছে বলে গত মার্চ মাসে বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এরপর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে ভিতরগড় রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ভিতরগড়ের ভেতরের কথা: দেখুন ছুটির দিনে।