ভিতরগড়ে প্রাচীন দুটি মন্দিরের সন্ধান

পঞ্চগড়ের ভিতরগড় দুর্গ নগরে দুটি প্রাচীন মন্দিরের সন্ধান পাওয়া গেছে। পঞ্চগড় শহর থেকে ১৬ কিলোমিটার দূরে এ দুর্গ নগরের অবস্থান। মন্দির দুটির পুরো অবয়ব এখনো বের করা সম্ভব হয়নি। খনন করে মন্দিরের অংশবিশেষ বের করা হয়েছে। দু-এক মাসের মধ্যে পুরো মন্দির বের করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রত্নতত্ত্ববিদ শাহনাজ হোসনে জাহানের নেতৃত্বে একটি দল খনন করে মন্দির দুটির সন্ধান পায়। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি খননকাজ পরিচালনা করছেন। গঠন ও নির্মাণশৈলী দেখে মন্দির দুটি অষ্টম শতকের বলে তিনি ধারণা করছেন।
একটি মন্দিরের অবয়ব মিলেছে দ্বিতীয় আবেষ্টনী দেয়ালের বাইরে খালপাড়া এলাকায়। নয় মিটার দৈর্ঘ্য ও নয় মিটার প্রস্থের মন্দিরটির ওপরের অংশ, করাতমিলের জন্য পূর্বের অংশ এবং সড়ক নির্মাণে মাটি কাটার জন্য পশ্চিমের অংশ ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় মন্দিরটি ঢিবরীডাঙ্গা এলাকায়। এটির অবস্থান দ্বিতীয় আবেষ্টনী দেয়ালের বাইরে পরিখার পরেই। এটির দৈর্ঘ্যে ২৫ মিটার এবং প্রস্থে ২০ মিটার। এ দুটি স্থাপনা আগে আবিষ্কার হওয়া স্থাপনার চেয়ে একটু ভিন্ন। এ দুটিতে ইটের কাজের সঙ্গে পাথর ব্যবহার করা হয়েছে। তবে এখন পর্যন্ত দুই মন্দিরের খননের সময়ে কোনো প্রত্ননিদর্শন পাওয়া যায়নি।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক শাহানাজ হোসনে জাহান বলেন, ষষ্ঠ বা সপ্তম শতকে নির্মিত এ দুর্গ নগরে সার্বভৌম প্রশাসন ছিল। গুরুত্বপূর্ণ প্রাচীন বাণিজ্যপথের ওপর নির্মিত এ দুর্গনগরের সঙ্গে সিকিম, তিব্বত, ভুটান, চীন, নেপাল, বিহার, পশ্চিববঙ্গ ও পুণ্ড্রবর্ধনের বাণিজ্য ছিল এবং সড়ক ও নদীপথে ভালো যোগাযোগও ছিল। আসাম, কোচবিহার, ময়নামতি, পাহাড়পুর ও মহাস্থানগড়ে সন্ধান পাওয়া প্রত্নতত্ত্বের বিভিন্ন নমুনার সঙ্গে এখানে পাওয়া প্রত্নতত্ত্বের কোনো মিল নেই। চারটি দেয়াল দিয়ে এ নগরে সুরক্ষিত করা হয়। এর মধ্যে বাইরের দুটি গড় বা দেয়াল মাটি দিয়ে তৈরি এবং সামনে পরিখা আছে। ভেতরের দুটি দেয়াল ইটের তৈরি। ভিতরগড় দুর্গ নগর পূর্ণাঙ্গভাবে খনন করতে কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না। তবে চলতি পর্যন্ত খননের অনুমতি রয়েছে। সময় বাড়তেও পারে।
শাহানাজ হোসনে জাহান বলেন, দুটি স্থাপনার ধরন দেখে মনে হচ্ছে এটি কোনো ধর্মীয় উপাসনালয়। মঠ বা মন্দিরও হতে পারে। তাঁর মতে, এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে গুরুত্ব থাকলেও সরকারিভাবে ভিতরগড়কে ঐতিহ্যবাহী স্থান (হেরিটেজ সাইট) হিসেবে ঘোষণা করা হয়নি। ২০০৯ সালে খনন শুরু করে এ পর্যন্ত এ দুর্গ নগরে স্তূপ ও মন্দিরসহ আটটি ক্ষেত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এর আগে আবিষ্কৃত স্তূপ ও মন্দিরটি ১৪ শ বা ১৫ শ বছর আগের বলে ধারণা করা হচ্ছে।