ভিত্তিপ্রস্তর স্থাপন করলে আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের সমুদ্রসৈকতসংলগ্ন কলাতলী এলাকায় বিরোধপূর্ণ জমিতে মার্কেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ওই জমির মালিকানার দাবিদারেরা। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তাঁদের পক্ষে এ ঘোষণা দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল আলম। আইন প্রতিমন্ত্রী আজ শনিবার ওই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার কথা রয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল আলম বলেন, কলাতলী মোড় এলাকায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি এবং ৩০ কোটি টাকা মূল্যের বিরোধপূর্ণ জমি দখলের জন্য একটি প্রভাবশালী চক্র আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করাতে চাইছে।নুরুল আলম বলেন, এ জমির মালিকানা নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় সেখানে কোনো স্থাপনা গড়ে তোলার চেষ্টা আদালত অবমাননার শামিল। এর পরও যদি প্রতিমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তাহলে তাঁরা তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা আইনে মামলা করবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ৭০ শতক বিরোধপূর্ণ জমির ওপর ব্যক্তি উদ্যোগে ‘এনভিল স্প্ল্যাশ’ নামের একটি বহুতল মার্কেট গড়ে তোলা হচ্ছে। নুরুল আলম বলেন, ওয়ারিশসূত্রে তাঁরা প্রায় ৩০ জন ব্যক্তি ওই জমির মালিক। বিতর্কিত জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন না করার জন্য ইতিমধ্যে ওয়ারিশদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠানো হয়েছে। তবে এনভিল স্প্ল্যাশের পরিচালক ও কলাতলী গ্রামের বাসিন্দা আকতার নেওয়াজ খান প্রথম আলোকে বলেন, তিনি জমিটির প্রকৃত মালিক। দীর্ঘদিন জমিটি তাঁর দখলে রয়েছে।মামলা বিচারাধীন থাকার ব্যাপারে তিনি বলেন, ‘আমার কাজে ঝামেলা না করার জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এখন তাঁরা সাংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন ঠেকানোর চক্রান্ত করছেন। আশা করি, তা সফল হবে না। শনিবার (আজ) সকালে প্রতিমন্ত্রী অবশ্যই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’