ভিত্তিপ্রস্তর স্থাপন তাই আদালত বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল রোববার রাজশাহী মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে রাজশাহীতে প্রায় আধা বেলা আদালতের কার্যক্রম বন্ধ থাকে। ফলে দূর-দূরান্ত থেকে আদালতের কাজে আসা মানুষ দুর্ভোগের শিকার হন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী জেলা জজ আদালত প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কারণে গতকাল নির্ধারিত সময়ে সকাল ১০টায় আদালত বসেনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলা দুইটার দিকে কিছু কিছু আদালতে সীমিত আকারে কাজ হয়েছে। এ সময় বিভিন্ন এলাকা থেকে আদালতের কাজে আসা মানুষ দুর্ভোগের মধ্যে পড়েন। তাঁরা জেলা জজ আদালত প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। রাজশাহীর বাঘা উপজেলার শফিকুল ইসলাম জানান, একটি মামলায় জজ আদালতে হাজিরা দিতে এসেছিলেন। সারা দিন বসে থাকলেও আদালত বসেনি। পরবর্তী হাজিরার তারিখ নিয়ে বাড়ি যেতে হচ্ছে। একই এলাকা থেকে এসেছিলেন হাফিজুর রহমান। তাঁকেও শুধু তারিখ নিয়ে ফিরে যেতে হয়েছে। বাগমারা উপজেলার শরীফুল ইসলাম একটি নারী নির্যাতন মামলার সাক্ষ্য দিতে তাঁর পরিবারের লোকজন নিয়ে এসেছিলেন। আদালত বসতে দেরি হওয়ায় তিনি আদালত চত্বরের বাইরে ছেলেমেয়ে নিয়ে বসেছিলেন। বেলা তিনটার দিকে তাঁদের ডাক পড়ে।আইনজীবী এন্তাজুল হক প্রথম আলোকে জানান, অনুষ্ঠানের কারণে বেলা একটা পর্যন্ত আদালত বন্ধ ছিল। তবে দুইটা থেকে আদালতের কার্যক্রম শুরু হয়।দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর আলোচনা সভা শুরু হয়। রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, এনামুল হক, কাজী আবদুুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানান, আদালতের ১২ তলা ভবন নির্মাণে সরকারের ২৫ কোটি তিন লাখ টাকা ব্যয় হবে। তবে আপাতত এই ভবনের নয় তলা পর্যন্ত নির্মিত হবে। এখানে আধুনিক সব সুযোগ-সুবিধাই থাকবে। মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের জন্য সরকার ৮৭০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশের ৩৪টি জেলায় এই আদালত ভবন নির্মাণকাজ করা হচ্ছে।