ভিত্তিপ্রস্তর স্থাপন না করায় শিক্ষকদের বেতন বন্ধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কাওরাইদ-গয়েশপুর কলেজের প্রশাসনিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন না করায় স্থানীয় সাংসদ শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত অক্টোবর মাসের বেতন না পেয়ে বিপাকে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা।
কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে এক কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের কাজ শুরু হয় ১৬ নভেম্বর। কাজ শুরু করার আগে স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদকে প্রধান অতিথি করে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা থাকলেও তা হয়নি।
কলেজের অধ্যক্ষ বাবর আলী জানান, প্রশাসনিক ভবনের কাজ শুরুর বিষয়টি সাংসদকে জানানো হয়। সাংসদ বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ঠিকাদার যেন তাঁর (সাংসদ) সঙ্গে কথা বলেন। এ বিষয়টি ঠিকাদারকে জানানো হয়। কিন্তু ঠিকাদার ভিত্তিপ্রস্তর স্থাপনও করেননি, সাংসদকেও জানাননি।
শিক্ষকেরা অভিযোগ করেন, ভিত্তিপ্রস্তর স্থাপন না করায় সাংসদ প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি অগ্রণী ব্যাংকের গফরগাঁও শাখার ব্যবস্থাপককে নির্দেশ দেন, কলেজের শিক্ষক-কর্মচারীসহ ২৬ জনের অক্টোবর মাসের বেতনের টাকা যেন ছাড় করা না হয়।
অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক মো. শরাফ উদ্দিন ও সাংসদ গিয়াস উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা কেউ ফোন ধরেননি।
নির্মাণকাজের ঠিকাদার রানা চৌধুরী বলেন, ‘আমার কাজের শিডিউলে এমন কোনো কথা নেই যে কাউকে দিয়ে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করাতে হবে।’