জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গতকাল বৃহস্পতিবার সমাজবিজ্ঞান অনুষদের পাশে কাদির মোল্লা কনভেনশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় সরকারি-বেসরকারি অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের একটি অংশ। বেলা সোয়া ১১টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা এর বিরোধিতা করে স্লোগান দেন। সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, এর মধ্যে দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরোক্ষভাবে বেসরকারি বা ব্যক্তি বিশেষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘একজন ব্যক্তি নিজের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে চাইলে আমরা সেটা কেন গ্রহণ করব না। এ স্থাপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ই উপকৃত হবে।’