ভিত্তিপ্রস্তর স্থাপনের এক দশকেও স্মৃতিস্তম্ভ হয়নি
দেশ স্বাধীন হওয়ার ছয় দিন আগে চার মুক্তিযোদ্ধা ধরা পড়েন। তাঁদের চার দিন ধরে পাকিস্তানি সেনা ও রাজাকাররা নির্যাতন করে। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয়। এই চার শহীদের নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এক দশক আগে ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হয়। কিন্তু স্মৃতিস্তম্ভটি আজও নির্মাণ করা হয়নি।
ওই চার শহীদ হলেন উপজেলার কোমারপুর গ্রামের আবদুল জলিল আকন্দ, চকসোনার গ্রামের আলতাফ হোসেন, কাঞ্চনপুর গ্রামের মনসুরুল হক ও আবদুস ছাত্তার।
উপজেলার সান্তাহার এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল হোসেন ও মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে এই চার মুক্তিযোদ্ধা বড় আঁখিরা গ্রামের মুক্তিযোদ্ধা আকরাম হোসেনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে আকরামের বাবা জসীম উদ্দিনের সঙ্গে তাঁদের দেখা হয়ে যায়। তিনি ছিলেন রাজাকার। জসীম পরে অন্য রাজাকারদের খবর দেন। একপর্যায়ে পাকিস্তানি সেনা ও রাজাকাররা গ্রামের একটি ধানখেতে চার মুক্তিযোদ্ধাকে ঘিরে ফেলে। তাঁদের অস্ত্রসহ আটক করে আদমদীঘি থানায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে তাঁদের খেজুর কাঁটা ও রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চার দিন ধরে নির্যাতন করা হয়। দেশ স্বাধীন হওয়ার মাত্র দুই দিন আগে তাঁদের উপজেলার খাড়ির ব্রিজ শ্মশানঘাটে গুলি করে হত্যা করা হয়।
মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক বাসিন্দা মুক্তিযুদ্ধে অংশ নেন। ২৩ জন শহীদ হন। তাঁদের মধ্যে ওই চার শহীদের নামে ওই শ্মশানঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। এই পরিপ্রেক্ষিতে ১৯৯৬ সালে উপজেলা পরিষদের পক্ষ থেকে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর ও ফলক স্থাপন করা হয়। কিন্তু স্মৃতিস্তম্ভটি আজও নির্মাণ করা হয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন ও সহকারী কমান্ডার সোলায়মান আলী বলেন, স্মৃতিস্তম্ভটি অবিলম্বে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।