ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় মাসেও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সেবিকা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় মাস পার হলেও শুরু হয়নি এর নির্মাণকাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২০ সেপ্টেম্বর জেলা কালেক্টরেট মাঠ থেকে ডিজিটাল পদ্ধতিতে কয়েকটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। জানা গেছে, মহাবিদ্যালয়টি স্থাপনের জন্য ২০০৮ সালে লালমনিরহাট সদর হাসপাতালের কাছে পাঁচ একর জমি কেনা হয়। নির্মাণের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮ কোটি টাকা। কিন্তু এখনো দরপত্র আহ্বান করা হয়নি। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘দরপত্র আহ্বান করাসহ নির্মাণকাজ শুরুর প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ রক্ষা করে চলেছি।’ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীর প্রথম আলোকে বলেন, ‘নির্মাণকাজ শুরুর জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের মধ্যেই দরপত্র আহ্বান করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব জানান, দেশ পরিচালনায় নানা অনিয়ম ও ব্যর্থতার দিক থেকে লালমনিরহাটের জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে ও আগামী নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে দরপত্র আহ্বান করাসহ অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ ছাড়াই এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান জানান, বিএনপির আমলে কাজ শুরু তো দূরের কথা, এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়নি। তিনি দাবি করেন, এ সরকারের আমলেই এর নির্মাণকাজ শুরু করা হবে।