প্রায় পাঁচ মাস আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও লালমনিরহাটে দ্বিতীয় ধরলা সেতুর কাজ এখনো শুরু হয়নি। এতে ব্যবসায়ীসহ লালমনিরহাটের নানা শ্রেণী-পেশার মানুষ হতাশ হয়ে পড়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না করেই প্রধানমন্ত্রী গত বছরের ২০ সেপ্টেম্বর লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ী-কুড়িগ্রাম সড়কের কুলাঘাট-ফুলবাড়ী পয়েন্টে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় ১৮০ কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এ জন্য এখনো বাজেট বরাদ্দ করা হয়নি। এমনকি সেতুটির নির্মাণকাজ শুরুর অগ্রগতির জন্য বাজেট বরাদ্দ ও টেন্ডার-সংক্রান্ত কাজ অনুমোদনের বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতেও (একনেক) উপস্থাপন করা হয়নি।লালমনিরহাট শিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ আবদুল হামিদ জানান, লালমনিরহাট জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সহজ যোগাযোগের জন্য দ্বিতীয় ধরলা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাঁরা এ সেতুটি নির্মাণের জন্য এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাটে সফরকালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় কাজ শুরু হবে বলে তিনিসহ অনেকেই আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু এখনো না হওয়ায় তাঁরা চিন্তিত হয়ে পড়েন।সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণের দাবি জানাতে জানাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় ভেবেছিলাম শিগগিরই সেতুটি নির্মাণ করা হবে। কিন্তু আজও কাজের কোনো অগ্রগতি দেখছি না।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান জানান, যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তখন দ্বিতীয় ধরলা সেতুর নির্মাণকাজও শুরু হবে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী জানান, দ্বিতীয় ধরলা সেতুর ফাইল এখন পরিকল্পনা কমিশনে রয়েছে। এখান থেকে একনেকে উঠবে। তারপর ফাইল অনুমোদন হলে দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু করা হবে।