ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমিতে গতকাল শুক্রবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ সময় স্কুলের ছাত্ররা স্কুলের জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে।

গতকাল দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ প্রমুখ।

গতকাল বেলা ১১টার দিকে স্কুল বন্ধের দিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। খবর পেয়ে এর প্রতিবাদে বিদ্যালয় বন্ধ সত্ত্বেও অর্ধশতাধিক ছাত্র গতকাল সকাল ১০টা থেকে শহরের কোর্ট রোডের শহীদ মিনার এলাকায় ব্যানার-পোস্টার নিয়ে মানববন্ধন করে। পরে তারা বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে ভিত্তিপ্রস্তর স্থাপন মঞ্চের সামনে অবস্থান নেয়।