ভিত্তিপ্রস্তরেই গেল ৯ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০০৬ সালে, কোনো আয়োজন ছাড়াই। এর পাঁচ বছর পর ২০১১ সালে আহ্বান করা হয় দরপত্র। অজ্ঞাত কারণে কয়েক মাস পর সেটিও বাতিল হয়ে যায়। গত জানুয়ারিতে একনেকে প্রকল্পটি আবার অনুমোদন হয়েছে। সব মিলিয়ে গত নয় বছরে কুষ্টিয়া বাইপাস সড়কের অগ্রগতি এটুকুই।
২০০২ সাল থেকে কুষ্টিয়ার মানুষ এই বাইপাস সড়কের স্বপ্ন দেখছে। ১৩ বছরেও সেই স্বপ্ন পূরণ হয়নি। বাইপাসটি না হওয়ায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ত্রিমোহনী থেকে বটতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটারে অর্ধশতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এঁদের একটি বড় অংশ শিক্ষার্থী।
কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ পর্যন্ত একাধিক প্রতিবেদন পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ওই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে মহাসড়কটি কুষ্টিয়া শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। প্রতিদিন ১২ হাজারের বেশি যানবাহন মংলা সমুদ্রবন্দর, বেনাপোল স্থলবন্দর ও দেশের অন্যান্য দক্ষিণাঞ্চলের জেলা থেকে রাজধানীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে মহাসড়কটি ব্যবহার করে। এতে কুষ্টিয়া শহরের মধ্য দিয়ে যাতায়াত করার ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। কুষ্টিয়া শহর অতিক্রম করার সময় যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহনগুলোর জন্য অতিরিক্ত সময়ও ব্যয় হয়। শহরের মজমপুর রেলক্রসিংয়ের সময় যানজট আরও তীব্র আকার ধারণ করে। এসব কারণে কুষ্টিয়া শহরে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এতে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়া ত্রিমোহনী থেকে বটতৈল পর্যন্ত আট কিলোমিটারের মধ্যে কুষ্টিয়া শহর, গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান, বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গলবাড়িয়া বাজার, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল, জেলা প্রশাসকের কার্যালয়, স্টেডিয়াম, প্রতীতি বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসব জায়গায় ঝুঁকি মহাসড়কটি পার হয় মানুষ। প্রতীতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল নিশানা নিয়ে পার হয়। তার পরও দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ২০০২ সালে বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। এ জন্য একটি প্রকল্প প্রণয়ন ও নকশা তৈরি করা হয়। প্রস্তাবিত (আর-৭৪৪) কুষ্টিয়া শহর বাইপাস সড়কটি ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী সেতু-দাশুড়িয়া সড়কের বটতৈল নামক স্থান থেকে শুরু হয়ে সড়কের বারখাদা নামক স্থানে মিলিত হয়েছে। প্রস্তাবিত বাইপাস সড়কটির দৈর্ঘ্য ৬ দশমিক ৬০ কিলোমিটার, প্রস্থ ১২ দশমিক ৩০ মিটার। জমি অধিগ্রহণসহ মাটি উঁচু করে সড়ক, কয়েকটি কালভার্ট ও একটি ওভারপাসও আছে নকশায়। এ জন্য জমি অধিগ্রহণসহ ব্যয় ধরা হয়েছিল ৫৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার টাকা।
চারদলীয় জোট সরকারের শেষ সময় ২০০৬ সালের ১০ আগস্ট তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা তড়িঘড়ি করে বাইপাস সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে আর কিছুই হয়নি। আর ২০১১ সালের ১৩ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন ও অর্থ বরাদ্দ হওয়ায় তড়িঘড়ি একটি দরপত্র আহ্বানও করা হয়েছিল। কিন্তু কয়েক মাস পরে অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়।
সওজের সূত্রটি আরও জানায়, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন মেয়াদে প্রকল্পটির অনুমোদন হয়। পরে প্রকল্পটির মেয়াদ ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। ব্যয় বেড়ে যাওয়ায় সর্বশেষ ডিপিডি সংশোধন করে আরেক দফা সময় বাড়িয়ে ২০১৬ সাল করা হয়েছে। এদিকে বারবার কাজ পিছিয়ে যাওয়ায় ব্যয় বেড়েছে।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার জানান, গত ৬ জানুয়ারি ৭৮ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়কের নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৭৩ কোটি টাকা সড়ক নির্মাণে ব্যয় হবে। বাকিটা জমি অধিগ্রহণসহ অন্যান্য ব্যয়। আশা করা যাচ্ছে, চলতি মাসেই দরপত্র আহ্বান করা হবে।
শহরের মজমপুর এলাকার বাসিন্দা আনিসুজ্জামান বলেন, শহরের ওপর দিয়ে গেছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক। এই সড়কে যানবাহনের চাপ অনেক এবং গতিও বেশি। ফলে ছেলে-মেয়েদের যাওয়া-আসার সময় অভিভাবকেরা আতঙ্কে থাকেন।
কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি খলিলুর রহমান বলেন, গত ১২ বছরে কুষ্টিয়ার আশপাশে ঝিনাইদহ, রাজবাড়ী ও পাবনায় বাইপাস সড়ক হয়েছে। কুষ্টিয়ার কোনো খবর নেই। কুষ্টিয়ায় বাইপাস সড়কটি খুবই জরুরি।