ভিত্তিপ্রস্তরের চার বছর পর শুরু হচ্ছে নগর ভবনের নির্মাণকাজ
চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনের নির্মাণকাজ ভিত্তিপ্রস্তরের প্রায় চার বছর পর অবশেষে শুরু হচ্ছে। এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি টাকা। নগর ভবনের মূল নকশা ২০ তলা হলেও প্রাথমিকভাবে ১২ তলা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে করপোরেশনের প্রকৌশল বিভাগ।
করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ মার্চ এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ওই বছরের ১০ মার্চ ভবনের প্রথম আটতলা নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এ জে কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ভবনের নির্মাণকাজও শুরু করেছিল। তবে ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত মেয়র নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী পরাজিত হলে এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন না থাকা ও তহবিলের অভাবে এর নির্মাণকাজ বন্ধ ছিল বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। এ ছাড়া নির্মাণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় করপোরেশনের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের দর-কষাকষির কারণে পরবর্তী সময়ে নির্মাণকাজ আর শুরু হয়নি।
বর্তমান মেয়র মন্জুর আলম সম্প্রতি নগর ভবনের নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেন। গত রোববার ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু জাফরের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত তহবিল সংকট ও মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় নগর ভবনের নির্মাণকাজ বন্ধ ছিল। পরে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলেও নির্মাণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয়। তবে সব প্রক্রিয়া শেষে নগর ভবনের নির্মাণকাজ খুব দ্রুত শুরু হচ্ছে।
আনোয়ার হোছাইন বলেন, ভবনের পুরো নির্মাণকাজ সম্পন্ন করতে অন্তত আড়াই বছর সময় লাগবে। তবে প্রথম ছয় মাসের মধ্যে প্রথমতলার নির্মাণকাজ শেষ করা হবে।
এ জে কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবু জাফর প্রথম আলোকে বলেন, সেই সময় কার্যাদেশ পাওয়ার পর ভবনের পাইলিং, নকশা তৈরি ও মাটি পরীক্ষাসহ বিভিন্ন খাতে প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়। কিন্তু বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পর নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেন।
জানা গেছে, নতুন নগর ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন ১৫ হাজার বর্গফুট। এর নকশা তৈরি করেছে ‘প্রণয়ন’ নামের একটি প্রতিষ্ঠান। নগর ভবনের নকশায় প্রথম তলায় মেয়রের কার্যালয়, সম্মেলন কক্ষ, প্রধান নির্বাহীর কক্ষ রাখা হয়েছে। দ্বিতীয় তলায় সচিবের কার্যালয়, করপোরেশনের ৫৫ কাউন্সিলরের কক্ষ, প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের কার্যালয় থাকবে। তৃতীয় তলায় প্রধান শিক্ষা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ ও নির্বাহী প্রকৌশলীদের কার্যালয় রাখা হয়েছে। চতুর্থ তলায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ হিসাব শাখা এবং পঞ্চম তলায় পরিচ্ছন্ন কর্মকর্তা ও সচিবালয় শাখা থাকবে। ষষ্ঠ তলায় থাকবে প্রকৌশল শাখা।