ভিত্তিপ্রস্তরের ‘ভিত্তি নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ফকিন্নী নদীর পাশে ফতেপুর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০৬ সালের ২৬ অক্টোবর। কিন্তু দীর্ঘদিনেও সেখানে সেতু হয়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ওই ভিত্তিপ্রস্তরের আসলে কোনো ভিত্তি নেই।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে নওগাঁর মান্দা আসনের বিএনপির দলীয় সাংসদ সামসুল আলম প্রামাণিক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি বাস্তবায়ন করার কথা সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। পাশে একটি বাঁশের সেতু রয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি সেতুর অভাবে রাজশাহীর বাগমারা এবং নওগাঁর আত্রাই ও মান্দা উপজেলার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাগমারার সোনাডাঙ্গা, আত্রাইয়ের কালুপাড়া ও মান্দার ফতেপুর এই তিনটি গ্রাম সীমান্তবর্তী ও পাশাপাশি। লোকজন নিজেদের চলাচলের সুবিধার্থে ফতেপুরে বাঁশের সেতুটি তৈরি করেছে। বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে এই সেতু অকার্যকর হয়ে পড়ে। তখন নৌকা দিয়ে তাদের পারাপার হতে হয়। এই সেতু দিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার লোক চলাচল করে। ফতেপুর গ্রামের কৃষক ফরিদ উদ্দিন জানান, এই বাঁশের সেতু দিয়ে হেঁটে যেতে পারলেও বাইসাইকেল বা ভ্যানে করে মালামাল নিয়ে যেতে সমস্যা হয়। কালুপাড়া গ্রামের সালাম জানান, তাঁদের বাগমারার সঙ্গে যোগাযোগের জন্য এই সেতুর ওপর নির্ভর করতে হয়। অন্য পথ দিয়ে যেতে ১২ কিলোমিটার ঘুরতে হয়। সোনাডাঙ্গা হাজিপাড়া গ্রামের জালাল উদ্দিন বলেন, তিন উপজেলার সীমান্ত হওয়ায় কেউ এখানে সেতু নির্মাণের কথা ভাবেন না। কেউ দেখতেও আসেন না। কেবল নির্বাচনের আগে নেতাদের পাওয়া যায়। বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন বলেন, তিন উপজেলার লোকজনের চলাচলের সুবিধার্থে এখানে স্থায়ী সেতু নির্মাণ করা জরুরি। বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, স্থানটি তিন উপজেলার সীমান্ত হলেও তা মান্দার মধ্যে অবস্থিত। এ কারণে তারাই এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে।নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই আলম বলেন, ফতেপুরে ফকিন্নী নদীর ওপর আমাদের সেতু নির্মাণের আপাতত কোনো উদ্যোগ নেই। যেসব সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে, তার মধ্যেও ফতেপুর সেতুর নাম নেই। ফতেপুর সেতু নির্মাণের জন্য ২০০৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলে তিনিও শুনেছেন, তবে এর কোনো ভিত্তি নেই।মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জহুরুল ইসলাম বলেন, সাংসদের প্রতিশ্রুত সেতুগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় অর্থ চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ফতেপুর সেতু নেই।বিএনপির সাবেক সাংসদ সামসুল আলম প্রামাণিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।