ভিনসন ম্যাসিফ জয়ের আশা ওয়াসফিয়ার
অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ‘ভিনসন ম্যাসিফ’ জয়ের অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। আবহাওয়া ও অন্য আনুষঙ্গিক বিষয় ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই পর্বতে আরোহণ করবেন তিনি।গতকাল বৃহস্পতিবার ওয়াসফিয়ার হাতে ‘ভিনসন ম্যাসিফ অভিযান ২০১২’-এর পতাকা তুলে দেওয়া হয়। সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ওয়াসফিয়ার হাতে পতাকা তুলে দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী, নাট্যব্যক্তিত্ব সারা যাকের, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।ওয়াসফিয়া নাজরীন এ দেশের নারী প্রগতির ৪০ বছর উদ্যাপনের অংশ হিসেবে সাত মহাদেশের সাতটি শীর্ষ পর্বতচূড়া জয় করবেন। ‘বাংলাদেশ অন সেভেন সামিট ক্যাম্পেইন’ শীর্ষক এই অভিযাত্রায় এরই মধ্যে ওয়াসফিয়া সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টসহ তিনটি মহাদেশের শীর্ষ পর্বতচূড়া জয় করেছেন। তিনি চিলির নিয়ন্ত্রিত অংশ থেকে এই অভিযানে নামবেন। ভিনসন ম্যাসিফের উচ্চতা চার হাজার ৮৯২ মিটার বা ১৬ হাজার ৫০ ফুট।ওয়াসফিয়া সাংবাদিকদের জানান, ২০ নভেম্বর থেকে তাঁর যাত্রার কার্যক্রম শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ২০১৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি পর্বতচূড়ায় উঠবেন। এর আগে অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ দেশের মেয়েরা সব পারে। যদি ১০টা মেয়ের জন্য কিছু করতে পারি, তবে জীবন সার্থক হবে।’ তিনি কৌতুক করে বলেন, ‘আমার বাড়ি ফেনীর মানুষ চান্দেও আছে এমন কথা প্রচলিত ছিল, এখন তাঁরা জানে, তাদের এলাকার মানুষ এভারেস্টে আছে।’অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে ওয়াসফিয়া এখন মডেলে পরিণত হয়েছেন। তাঁকে দেখে কঠিন কাজ করতে এখন অনেকেই অনুপ্রাণিত হবে।’এই অভিযানের ব্যয়ভার ও অন্যান্য সহায়তা করছে ব্র্যাক, বিকাশ ও ব্র্যাক ব্যাংক। ওয়াসফিয়া পরবর্তী এক বছরের জন্য ব্র্যাকের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।