টানা অবরোধে উত্তরাঞ্চলের ১৬ জেলার সাড়ে ৪০০ ফিলিং স্টেশন বিপর্যয়ের মুখে পড়েছে। ডিজেল ও পেট্রল সরবরাহ না থাকায় ইতিমধ্যেই দুই শতাধিক ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে বলে রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেছেন। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে জ্বালানির কোনো সংকট নেই।
গত মঙ্গলবার বগুড়ার সাত থেকে আটটি ফিলিং স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোতে জ্বালানি নেই। রংপুর-ঢাকা মহাসড়কের গোকুল এলাকার ‘চলাচল ফিলিং স্টেশন’-এ চার দিন ধরে পেট্রল নেই। ডিজেলের মজুতও ফুরিয়ে যাওয়ার পথে। পেট্রল নেই টিএমএসএস ফিলিং স্টেশন, মহাস্থান ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্পেও। জেলা শহরের বাইরের ফিলিং স্টেশনগুলোতে পেট্রলের পাশাপাশি ডিজেলেরও মজুত শেষ হয়ে যাওয়ায় সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত সাড়ে চার শ পেট্রল পাম্প বা ফিলিং স্টেশন রয়েছে। এর বাইরে কয়েক শ ডিলার ও জ্বালানি তেল বিক্রয় পয়েন্ট রয়েছে। উত্তরাঞ্চলের বাঘাবাড়ী ও পার্বতীপুর ডিপো থেকে এসব পাম্প ও বিক্রয় পয়েন্টে জ্বালানি তেল সরবরাহ করতে প্রতিদিন প্রায় ৪০০ ট্যাংক-লরি চলাচল করে। ৬ জানুয়ারি থেকে ২০-দলীয় জোটের টানা অবরোধ ও বগুড়াসহ কয়েকটি জেলায় হরতালে জেলাগুলো থেকে জ্বালানি পরিবহনের কোনো ট্যাংক বা লরি বাঘাবাড়ী যেতে পারছে না। এতে বেশির ভাগ পেট্রল পাম্পে মজুত ফুরিয়ে গেছে।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোমিন বলেন, প্রতিদিন সাড়ে চার শ পাম্পে ডিজেলের চাহিদা গড়ে সাড়ে তিন লাখ লিটার এবং পেট্রলের চাহিদা এক লাখ লিটার। জ্বালানি তেলের লরিতে দাহ্য পদার্থ থাকে। হামলা হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে কোনো পাম্প মালিকই ঝুঁকি নিয়ে বাঘাবাড়ীতে লরি পাঠাতে সাহস পাচ্ছেন না।
তবে পদ্মা অয়েল কোম্পানির বগুড়া ডিপোর সহকারী মহাব্যবস্থাপক শহীদ উদ্দিন আহমদ বলেন, উত্তরাঞ্চলের পদ্মা ওয়েলের ১৮০টি পেট্রল পাম্প রয়েছে। অবরোধের কারণে এসব পাম্পে ডিজেল-পেট্রল ও অকটেনের বিক্রি খুবই কম হওয়ায় এখনো পর্যাপ্ত মজুত রয়েছে।
বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, প্রশাসনের পক্ষ থেকে পুলিশ পাহারায় পাশের জেলাগুলোতে জ্বালানি তেলবাহী লরি পারাপার করে দেওয়া হচ্ছে।