ভিন্ন জাতিসত্তার প্রতি বৈষম্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আদিবাসী দিবসের সমাবেশে বক্তারা ক্ষুদ্র জাতিসত্তার মানুষকে সংবিধানে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দিয়ে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, ভিন্ন জাতিসত্তার মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

আন্তর্জাতিক আদিবাসী দিবস ও আদিবাসী অধিকারবিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশক উপলক্ষে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘গতকাল আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে সরকারের তরফ থেকে বা সংবিধানে আদিবাসীর স্বীকৃতি নেই। আমার জবাব ছিল, আদিবাসী আদিবাসীই। এর স্বীকৃতির কোনো প্রয়োজন পড়ে না।’ তিনি বলেন, ভিন্নতা বাংলাদেশের বৈশিষ্ট্য। বিদেশি অতিথিদের সামনে এই বৈচিত্র্য নিয়ে গর্ব করা হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা সংবিধানে তা স্বীকার করা হয় না।

সভাপতির বক্তৃতায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, আদিবাসী অধিকারবিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশকে সারা পৃথিবীতে তাদের অধিকার কতটুকু অর্জিত হয়েছে, এর মূল্যায়ন চলছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে অন্য জাতিসত্তার মানুষদের নিশ্চিহ্ন করে দেওয়ার তৎপরতা চলছে। সমান অধিকার নিয়ে বাঁচতে চাইলে এই জাতিগোষ্ঠীর মানুষদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, সংবিধানে সব জাতিসত্তার মানুষের অধিকারের স্বীকৃতি দিতে হবে।

লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতিতে প্রত্যেক জাতির সমান অংশগ্রহণ আছে। ঘটনাচক্রে বাঙালি মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ বলে তারাই শ্রেষ্ঠ নয়। আদিবাসীদের স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে এই দিবস পালন করতে হবে।

সমাবেশ উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, একটি দেশ কেমন চলছে তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একজন আদিবাসী ছেলে বা মেয়েকে তা জিজ্ঞেস করা। দেশে বাঙালি বাদে অন্য জাতিসত্তার মানুষ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। তারা ভালো না থাকলে দেশও ভালো চলবে না।

সমাবেশে আরও বক্তৃতা করেন সাংসদ ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, চাকমা রাজা দেবাশীষ রায়, মানবাধিকারকর্মী খুশী কবির, শাহীন আনাম প্রমুখ। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তৃতা করেন শক্তিপদ ত্রিপুরা। ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস।