ভিন্ন নামে এশিয়া এনার্জির সংবর্ধনা আয়োজনের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে ভিন্ন নামে এশিয়া এনার্জি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলেও তা বন্ধ করে দিয়েছেন স্থানীয় একদল তরুণ। এশিয়া এনার্জি নাম পরিচয় গোপন করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তরুণেরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু শিশু-কিশোর লীগের নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল জানান, এশিয়া এনার্জি এ দেশের শত্রু। এ এলাকায় তারা প্রবেশ করতে পারে না। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যানসহ এলাকার কিছু সুবিধাভোগীর ছত্রচ্ছায়ায় ভিন্ন নামে এশিয়া এনার্জি তৎপরতা চালাচ্ছে। শিক্ষার্থীদের সংবর্ধনার নামে তরুণ সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই তাঁরা ওই অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর হোসেন জানান, অনুষ্ঠানটি এশিয়া এনার্জির নয়। স্থানীয় তরুণেরা ভুল বুঝে অনুষ্ঠানটি বন্ধ করতে এসেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অনুষ্ঠান সুষুমভাবে সম্পন্ন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর কামরুজ্জামান উজ্জ্বলের নেতৃত্বে ১৫-২০ জন এসে সভামঞ্চ থেকে ভাইস চেয়ারম্যানকে পাশে ডেকে নিয়ে যান। এশিয়া এনার্জি অনুষ্ঠান আয়োজন করায় তরুণেরা ভাইস চেয়ারম্যানের কাছে কৈফিয়ত চান। এতে উভয় পক্ষে বাগিবতণ্ডা শুরু হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে তরুণেরা এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রধান অতিথির অনুপস্থিতিতেই গোপনে অন্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও এক হাজার টাকা করে হাতে তুলে দিয়ে চলে যান।