ভিন্ন বিষয়ের শিক্ষক দিয়ে মূল্যায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার মোক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক মিজানুর রহমান। গতকাল সোমবার তিনি যশোর জিলা স্কুলে এসএসসি পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের বহিঃপরীক্ষক (এক্সটারনাল) হিসেবে ব্যবহারিক পরীক্ষা নিতে যান। অথচ বোর্ডের নিয়ম, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা পরীক্ষকের দায়িত্বে থাকবেন।যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। গত রোববার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সাতক্ষীরার তালা উপজেলার শহীদ আলী আহমদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষককে কৃষিশিক্ষা বিষয়ের খাতা মূল্যায়ন করতে দেওয়া হয়েছে।এসব অনিয়মের প্রতিবাদে বাংলাদেশ সহকারী শিক্ষক (কৃষি) সমিতি যশোর জেলা শাখা গত রোববার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কৃষিশিক্ষা বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। ওই বিষয়ে পাঠদানের জন্যে প্রত্যেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। অথচ এসএসসি পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের খাতা অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করানো হচ্ছে, যা নিয়মবহির্ভূত।শিক্ষক সমিতির (কৃষি) খুলনা অঞ্চলের সহসভাপতি নজরুল ইসলাম খান বলেন, ‘শুধু যশোর জিলা স্কুল নয়, শহরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমিসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিন্ন বিষয়ের শিক্ষকদের বহিঃপরীক্ষক হিসেবে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর মন্তব্য, এতে পরীক্ষার্থীরা ঠিকমতো মূল্যায়িত হচ্ছে না।যশোর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, খাতা মূল্যায়ন ও ব্যবহারিক পরীক্ষার দায়িত্ব নিতে ইচ্ছুক, এমন শিক্ষকদের তালিকা চেয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর চিঠি পাঠানো হয়। তাঁদের পাঠানো তালিকা থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয়।বিদ্যালয়ে কৃষিশিক্ষা বিষয়ে শিক্ষক থাকা সত্ত্বেও তালিকায় শরীরচর্চা বিষয়ের শিক্ষকের নাম পাঠানোর বিষয়ে জানতে চাইলে তালার শহীদ আলী আহমদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক মনোরঞ্জন কুমার মজুমদার সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে থাকার সময় খাতা মূল্যায়ন করতেন, এ বিবেচনায় আমি তাঁর জন্য সুপারিশ করি।’