ভিন্ন মতলবে উপজেলা নির্বাচনে বিএনপি: আশরাফ
উপজেলাকে বিশ্বাস করে নয়, ভিন্ন মতলবে বিএনপি উপজেলা নির্বাচনে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ রোববার বিকেলে মিরপুর-১২ বাসস্ট্যান্ডে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের সম্মেলনে আশরাফ এ কথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খালেদা জিয়া ’৯১ সালে ক্ষমতায় এসে উপজেলা পরিষদ বাতিল ও উপজেলা চেয়ারম্যানদের বরখাস্ত করেন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি তো পাবলিকলি (জনগণের সামনে) বলেন নাই, “আমি উপজেলা চেয়ারম্যানদের বরখাস্ত করে অন্যায় করেছি। তাই আমরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছি।” এটা বললে জনগণ আশ্বস্ত হতো। কিন্তু আপনার মতলব ভিন্ন। আপনি কয়েকটা উপজেলায় বিজয়ী হয়ে জনগণ ও বিদেশিদের বলবেন, “এই সরকারের সঙ্গে জনগণ নেই”। কিন্তু আপনাদের কথা জনগণ আর বিশ্বাস করবে না। হত্যা, তাণ্ডব, নৈরাজ্যের কারণে জনগণ আপনাদের ক্ষমা করবে না।’
‘বিএনপি হঠাত্ করে বিপ্লবী দল হয়ে গেছে’ মন্তব্য করে আশরাফ বলেন, ‘নির্বাচনে আসার মহা সুযোগ ছিল। তাঁরা নির্বাচনে এলেন না। নির্বাচনে এলে জনগণের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরতে পারতেন। তবে বিএনপি নির্বাচনে না আসায় আমরা লাভবান হয়েছি, এটা বলব না। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন থেকে পালানো কোনো সাহসের কাজ না। নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করা বীরত্বের কাজ। গণতন্ত্রকে বয়কট করলে জনগণ ক্ষমা করবে না।’
সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এ সরকারের মেয়াদ পাঁচ বছর। তার আগে আন্দোলন-সংগ্রাম করে এই সরকারের পতন ঘটানো সম্ভব না।
স্থানীয় সাংসদ ও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।