ভিন্ন রকম এক বিসর্জন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মসলন্দপুর প্রতিমা বিসর্জন ঘাটে গতকাল শুক্রবার শেষ হয়ে গেল প্রতিমা বিসর্জনের এক ভিন্ন রকম উৎসব। এটি মূলত হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও মসলন্দপুরে প্রতিমা বিসর্জনের আয়োজনে অংশ নেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বীরা। বিসর্জন হয়ে ওঠে সর্বজনীন।
পীরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক প্রতিমা আনা হয় এই ঘাটে। গতকাল বেলা দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিসর্জন।
সেনিহারী গ্রামের লক্ষ্মণ কুমার রায় বলেন, ‘একসঙ্গে প্রতিমা বিসর্জনের এ উৎসবটি আমরা দুর্গাপূজার মতোই উপভোগ করি। এখানে এত লোক দেখে খুবই আনন্দ পাই। এই দিনটির জন্য অপেক্ষায় থাকি আমরা।’
পীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায় বলেন, ‘প্রতিমা বিসর্জন উৎসবের এ ধারাটি হিন্দুধর্মাবলম্বীদের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং মিলনের প্রতীক। আমরা প্রতিমা বিসর্জনের এ ধারাটি যুগ যুগ টিকিয়ে রাখতে চাই।’
গতকাল বিসর্জন মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ইকরামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায়সহ পীরগঞ্জ ও বোঁচাগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একাধিক নেতা।
বিসর্জন দিতে আসা পঙ্কজ চন্দ্র রায়, আনিসুর রহমান চৌধুরী, অতুল চন্দ্র রায় বলেন, ১৯৯৭ সাল থেকে বিজয়া দশমীর পরের দিনে (একাদশী তিথিতে) মসলন্দপুর বিসর্জন ঘাটে সর্বজনীন বিসর্জন উৎসব পালনের প্রথা চালু করা হয়। এরপর থেকে দিন দিনই এই বিসর্জন উৎসবের প্রসার ঘটছে এবং দুর্গাপূজা শেষে ওই সব এলাকা থেকে প্রতিমা এনে মসলন্দপুরে টাঙ্গন নদে বিসর্জন দেওয়া হয়। একসঙ্গে দল বেঁধে প্রতিমা বিসর্জনের সময় মসলন্দপুর ঘাটটি মিলন উৎসবে পরিণত হয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, ঢাকের তালে নেচে-গেয়ে ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনযোগে প্রতিমা নিয়ে আসা হচ্ছে। মসলন্দপুর ঘাট থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ২০-২৫ হাজার নারী-পুরুষ, শিশু, যুবক, কিশোর-কিশোরীর কোলাহলে মুখরিত হয়ে গেছে এলাকা।