ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ায় ৪ জনকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষা ভিন্ন সেটে নেওয়ায় মাদারীপুরের কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন কেন্দ্রসচিবকে শোকজ করেছে জেলা প্রশাসন। শিগগিরই তাঁদের এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে এ খবর জানিয়েছেন। সোমবার (২ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্রে ‘খ’ সেটে পরীক্ষা হলেও কালকিনীর তিনটি কেন্দ্রে ৩ হাজার ৮৪ জন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হয়েছে ‘ক’ সেটে। কেন্দ্র তিনটি হলো কালকিনীর সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরবর্তী সময়ে জানাজানি হয়ে যায়। পরে এ বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, কালকিনী সৈয়দ আবুল হোসেন কলেজ কেন্দ্রের সচিব হাসানুল হক, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের কেন্দ্রসচিব জাকিয়া সুলতানা এবং ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের কেন্দ্রসচিব মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে। পাশাপাশি কেন তাঁরা ‘খ’ সেটের পরিবর্তে বাংলা প্রথমপত্র পরীক্ষা ‘ক’ সেটে নিয়েছেন, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।