ভিন্ন সেটে পরীক্ষা, পরীক্ষার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি এইচএসসি পরীক্ষায় আজ বৃহস্পতিবার রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জীববিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ অংশে ভিন্ন সেটে প্রশ্নপত্র দেওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর আবার সেই সেট পরিবর্তনও করা হয়। কিন্তু পরীক্ষার্থীদের বাড়তি সময় দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। এ নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও দুশ্চিন্তা কাজ করছে।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এমসিকিউ-১ সেট দেওয়ার কথা ছিল। কিন্তু এই কেন্দ্রে প্রথমে এমসিকিউ-২ সেট প্রশ্ন দিয়ে আবার ফেরত নিয়ে নির্ধারিত সেট প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই ঘটনায় সেখানে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্র সচিব। ঘটনা জানার পর পর সেখানে বোর্ডের কর্মকর্তাদের পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (কেন্দ্র সচিব) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁকে জানানো হয়েছে সেট পরিবর্তনের কারণে বাড়তি সময় দেওয়া হয়েছে।

তপন কুমার সরকার বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কোন সেটে পরীক্ষা হবে তা জানানো হচ্ছে। এতে আজ কোথাও কোনো সমস্যা না হলেও এই কলেজ কেন্দ্রে সমস্যাটি হয়েছে।

ওই কেন্দ্রে পরীক্ষা দেওয়া ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী প্রথম আলোকে বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিট পর তাদের কাছ থেকে প্রশ্ন ফেরত নিয়ে নির্ধারিত সেটের প্রশ্ন পত্র দেওয়া হয়। কিন্তু বাড়তি সময় দেওয়া হয়নি। ফলে সমস্যায় পড়ে সে।

অভিযোগ উঠেছে কেউ কেউ সব উত্তর দিতে পারেনি। আবার মূল্যায়নে সমস্যা হওয়ার আশঙ্কা করছে।