ভিন্নতর চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ: জার্মান রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শুরু থেকেই নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে আসছে বাংলাদেশ। তবে আগামী দিনগুলোতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তা অতীতের চেয়ে একেবারে আলাদা।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আলব্রেখট কনজে বলেন, ‘বাংলাদেশের কিছু এলাকায় আইনশৃঙ্খলার উদ্বেগজনক অবনতি আমরা লক্ষ করছি।’
নারায়ণগঞ্জের সাত খুন ও ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকার অদূরেই অত্যন্ত ভয়াবহ কিছু ঘটনা আমরা লক্ষ করেছি। তাই দেশের জনগণের স্বার্থে সর্বত্র আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। এ মুহূর্তে বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জ বটে।’ বাংলাদেশের কয়েকটি জায়গা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত।
আলব্রেখট কনজে বলেন, লোকজন যদি বাড়ি থেকে বের হতে ভয় পায়, এ জন্য কিছু করাটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। সূচনালগ্ন থেকেই বাংলাদেশ নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। কিন্তু আগামী মাসগুলোতে এবং বছরগুলোতে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তার ধরন অতীতের চেয়ে ভিন্নতর হবে।

বিদায়ী জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, স্পিকার তাঁকে এই বলে আশ্বস্ত করেছেন যে, শেখ হাসিনার সরকার সব নাগরিকের জানমাল রক্ষায় আইনের আওতায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গত ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘এ নিয়ে ইউরোপের অবস্থানের পরিবর্তন হয়নি। তবে অতীতের চেয়ে ভবিষ্যত্ বেশি গুরুত্বপূর্ণ—এটাই আমার উত্তরসূরিকে বলে যাব। অতীতের মতো আগামী দিনেও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে জার্মানি।’