ভিন্নধর্মী শ্রেণীকক্ষ, ব্যতিক্রমী পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা একগুচ্ছ ছবিতে মুখ গুঁজে আছে একদল কিশোর। ছবিগুলোকে তারা জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফলের ভিত্তিতে দুই সারিতে সাজাতে ব্যস্ত। ছবিগুলো তারা নিজেরাই জোগাড় করেছে। নিজেরাই একটি বোর্ডে ক্লিপ দিয়ে সেঁটে তৈরি করছে পরিবেশের পরিবর্তিত মানচিত্র। এ কাজ করতে গিয়ে ওরা হাতেকলমে শিখে ফেলছে জলবায়ুর পাঠ। এটি রাজশাহী কলেজিয়েট স্কুলের সমাজবিজ্ঞান বিষয়ের একটি শ্রেণীকক্ষ।শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে তাদের জুতাগুলো সাজিয়ে রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অন্য শ্রেণীকক্ষের জানালার কাচ ভাঙা থাকলেও এই কক্ষের একটি কাচও ভাঙা নেই। মেঝেতে কার্পেট বিছানো, আর দেয়ালে সাজানো তথ্যভিত্তিক বিভিন্ন মানচিত্র। পুরো কক্ষটি সামাজিক বিজ্ঞানের কয়েক শ উপকরণে ঠাসা। এগুলোর সবই শিক্ষার্থীরা করেছে। এ কাজ করতে গিয়ে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা পরিবেশ-সচেতন হয়ে উঠছে।ভিন্নধর্মী এই শিক্ষাপদ্ধতি চালু করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুলের সমাজবিজ্ঞান বিষয়ের কয়েকজন শিক্ষক। তাঁরা এই বিশেষায়িত শ্রেণীকক্ষের নাম দিয়েছেন ‘সমাজবিজ্ঞান ও পরিবেশ গবেষণাগার’। এই কাজে নিয়োজিত রয়েছেন শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ, ফাহিমা ফারুক, সুফিয়া পারভীন ও নাহিদ ইয়াসমিন। সম্প্রতি ওই গবেষণাগারে গিয়ে দেখা যায়, শ্রেণীকক্ষের এক পাশে শিক্ষার্থীরা তৈরি করেছে পরিবেশবান্ধব জীবনযাপনের উপকরণ যেমন: গরুর গাড়ি, জৈব কীটনাশক, দেশীয় ফলমূল, গাছ ইত্যাদি। অন্য পাশে সাজিয়ে রাখা হয়েছে পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণ যেমন: পলিথিন, প্লাস্টিকের জিনিসপত্র, তামাক ইত্যাদি। কৃষকের প্রত্যাশা শিরোনামে একটি বোর্ড তৈরি করা হয়েছে। এতে কৃষিতে অর্জিত সাফল্যের ওপর পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন স্থান পেয়েছে। শিক্ষার্থীরা দেয়ালে ঝুলিয়ে রেখেছে পরিবেশবিষয়ক বিভিন্ন দিবসের তালিকা। এই গবেষণাগারে বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়। তাদের কাজের বড় একটি মাধ্যম হচ্ছে বিষয়ভিত্তিক মানচিত্র তৈরি করা। এ রকম একটি মানচিত্র বানানো হয়েছে খনিজ পদার্থের ওপর। এটা দেখে সহজেই বোঝা যাবে, উত্তর আমেরিকার কোথায় কোন খনিজ পদার্থ রয়েছে। সোনার খনি এলাকায় লাগানো হয়েছে সোনালি রং, কয়লাখনির জায়গায় কালো রং, তামার জায়গা তামাটে রং। জলবায়ু পরিবর্তনের কারণে একটি অপরিকল্পিত নগরের কী পরিণতি হতে পারে, তার একটি মডেলও তৈরি করেছে শিক্ষার্থীরা। দশম শ্রেণীর শিক্ষার্থী শাওন আখতার বলে, ‘এই গবেষণাগারে কাজ করতে গিয়ে আমরা বুঝতে পারি, সমাজটা কীভাবে গড়ে উঠছে ও বিকশিত হয়েছে। শুধু বই পড়ে এটা বোঝা যায় না। প্রতি সপ্তাহে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা সেখানে কাজ করি।’ শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ জানান, এখানে আসলে উপকরণভিত্তিক একটা সামাজিক বিজ্ঞান শিক্ষার পরিবেশ তৈরি করা হয়েছে। শিক্ষকের অ্যাসাইনমেন্ট অনুযায়ী শিক্ষার্থীরাই দলগতভাবে উপকরণ জোগাড় করে। নির্দেশনা অনুযায়ী তারা এগুলো সাজায়। তিনি আরও জানান, ক্লাসে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী বলে পরিচিত, এখানে কাজ করতে এসে তারা আর পিছিয়ে থাকছে না।