ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ছিল সাদেক খানের বড় গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সাংবাদিক সাদেক খান স্মরণে এক আলোচনা সভায় বক্তারা বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ ও জনসম্পৃক্ততাই ছিল বহুমুখী প্রতিভার অধিকারী এই সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। নিজের মত কখনো অন্যের ওপর চাপিয়ে না দিয়ে সব মত, সব পথের মানুষকে সঙ্গে নিয়ে সমাজকে এগিয়ে নেওয়াই ছিল তাঁর আদর্শ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এই স্মরণসভার আয়োজন করা হয়।
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস এক বার্তায় সাদেক খানকে অভিহিত করেন একজন লড়াকু মানুষ হিসেবে। তিনি বলেন, ‘হঠাৎ করে তিনি (সাদেক খান) চলে যাবেন এমনটা ভাবতে পারিনি। তিনি লড়াকু মানুষ। যাবার বেলাতেও লড়ে যাবেন এমনটি ভেবেছিলাম।’
সভায় সাদেক খানের একসময়ের সহপাঠী ও বন্ধু সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। ভাষা আন্দোলনের সঙ্গে সাদেক খানের সম্পৃক্ততা, একজন সাংবাদিক, চলচ্চিত্রনির্মাতা, চিত্রশিল্পী ও শিল্প সমালোচক হিসেবে তাঁর বেড়ে ওঠার টুকরো গল্প উঠে আসে এম সাইদুজ্জামানের বক্তব্যে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু বলেন, সাদেক খানের ৮৫ বছরের জীবন আসলে বাংলাদেশের প্রগতিশীল মুসলমান সমাজের একটা প্রতিচ্ছবি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বলেন, সাদেক খান ছিলেন একজন আশাবাদী মানুষ। আশাবাদী হওয়ার এই গুণ তিনি তাঁর আশপাশে থাকা নবীনদের মাঝে সঞ্চারিত করতে পেরেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল তিতুমীর বলেন, ‘আত্মমূল্যায়নের ক্ষেত্রে তিনি (সাদেক খান) বলতেন, আই পারফর্ম মাই লাইফ। তাঁর এমন কর্মোদ্যোগ ও জীবনের বহুমাত্রিকতা বিরল।’
সাদেক খানের ছোট ভাই ইংরেজি দৈনিক নিউ এজ-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহিদুল্লাহ খান বলেন, তিনি সব সময় জনসম্পৃক্ততার কথা বলতেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও সাদেক খান নাগরিক স্মরণসভার আহ্বায়ক মোহাম্মদ মুনির-উজ-জামান। আরও বক্তব্য দেন সাবেক সাংসদ আবু হেনা, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেন, চলচ্চিত্রনির্মাতা হাফিজউদ্দীন, লেখক রিটা রহমান প্রমুখ।