ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রাজনীতিকে সুদৃঢ় করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে রাজনীতির ভিত্তি সুদৃঢ় হবে বলে মনে করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ডেমোক্রেসি চ্যাম্পিয়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের নেতারা এই মত দেন।

তৃণমূলে রাজনৈতিক পরিবেশের উন্নয়নের অংশ হিসেবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, রাজনীতির বড় দুর্বলতা হচ্ছে দেশে অস্বীকারের রাজনীতি ও সংঘর্ষের রাজনীতি আছে। এ থেকে বেরিয়ে এসে অংশগ্রহণের রাজনীতি ও পরামর্শের রাজনীতিতে প্রবেশ করতে হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান ও সহমর্মিতা প্রয়োজন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে এবং ভিন্নমতগুলোর মধ্যে সমন্বয় হতে হবে। এভাবেই এগিয়ে যেতে হবে। দ্বন্দ্বের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে একে অপরের মতকে শ্রদ্ধা করতে হবে। সবার কথা বলার সুযোগ দিতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা রশীদ চৌধুরী বলেন, সব রাজনৈতিক দল মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিতে জনমুখী নেতৃত্ব তৈরি করবে হবে। তা না হলে দেশের অগ্রযাত্রা সফল ও বাস্তবায়ন হবে না।

অনুষ্ঠানে বলা হয়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার (ডিপিআর) প্রকল্পের মাধ্যমে ৩টি প্রধান রাজনৈতিক দলের তৃণমূল নেতা-কর্মীদের গণতান্ত্রিক অংশগ্রহণে উৎসাহ দিচ্ছে। এ ছাড়া ‘নারীর জয় সবার জয়’ প্রচারণার মাধ্যমে ডিআই সারা দেশে ৪১৩টি তৃণমূল কমিটিতে ৫ হাজার নারীকে যুক্ত করেছে।   

গতকালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউর রহমান খান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক কেটি ক্রোক, ইউএসএইডের কর্মকর্তা কেভিন গেস প্রমুখ বক্তব্য দেন।