ভিপিসহ ছয় ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ফয়সাল মাহবুবসহ ছয় ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী গতকাল সোমবার তাঁদের ছাড়পত্র দেন। অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাড়পত্র পাওয়া অন্য ছাত্ররা হলেন ডিগ্রি প্রথম বর্ষের তানভীর মুজিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (সম্মান) তৃতীয় বর্ষের মামুন সিকদার, একই বিভাগের প্রথম বর্ষের পার্থ সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের আবু হানিফ ও একাদশ শ্রেণীর মোহাইমিনুল ইসলাম। ফয়সাল মাহবুব ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও তানভীর মুজিব সাধারণ সম্পাদক। অন্যরাও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল মাহবুবের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল গত ২০ অক্টোবর অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং অস্ত্রের মুখে ব্যাংক চেকে তাঁর সই নেয়। এ ছাড়া অনিয়মের অভিযোগে সম্প্রতি ভেঙে দেওয়া ছাত্র সংসদ পুনর্বহালের আদেশেও স্বাক্ষর নেয়। এ ঘটনায় ফয়সাল মাহবুবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ফয়সালের জবাব সন্তোষজনক ছিল না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জানতে চাইলে অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী প্রথম আলোকে বলেন, গত ৪ মার্চ কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের মৌখিক পরীক্ষা চলাকালে ফয়সাল মাহাবুব পরীক্ষাকক্ষে ঢুকে পরীক্ষক শাহ সাজেদার সঙ্গে দুর্ব্যবহার করেন। তখনো তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। অধ্যক্ষ বলেন, কলেজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছয় ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত চিঠি ডাকযোগে সংশ্লিষ্ট ছাত্রদের ঠিকানায় পাঠানো হবে। ফয়সাল মাহবুব বলেন, অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পিরোজপুর সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলাও করা হয়েছে। আদালত অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।কলেজ থেকে ছাড়পত্র দেওয়ার প্রতিবাদে জেলা ছাত্রলীগ সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে শহরের বড় মসজিদের মোড়ে সমাবেশ করা হয়।