ভিভিআইপি অবস্থানে অ্যান্টিড্রোন-ব্যবস্থা চালু হচ্ছে
প্রতিকূল পরিবেশে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে ও গোয়েন্দা নজরদারি বাড়াতে আগামী জুনের মধ্যে অ্যান্টিড্রোন-ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিজিএফআই এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক হয়।
কমিটির আগের বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া গোয়েন্দা নজরদারি ও অ্যান্টিড্রোন-ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন তাঁকে বলেন, প্রতিকূল পরিবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ভিভিআইপিদের অবস্থানের নিরাপত্তায় যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নিতে সংশ্লিষ্ট কমিটি দুটি দেশ সফর করে এসেছে। আগামী জুনের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব।
জানতে চাইলে সুবিদ আলী ভুঁইয়া প্রথম আলোকে বলেন, দেশের নিরাপত্তার জন্য গোয়েন্দা নজরদারিতে ড্রোনের ব্যবহার এবং রাষ্ট্রবিরোধী কাজে কেউ ড্রোন ব্যবহার করলে তা ধ্বংস করার জন্য অ্যান্টিড্রোন-ব্যবস্থা থাকাটা আবশ্যক। এ ব্যবস্থা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হাবিবুল আউয়াল বৈঠকে বলেন, গোয়েন্দা কাজে ব্যয় বাড়ানো হলে সার্বিক ব্যয় হ্রাস পায়। তিনি ডিজিএফআইয়ের সক্ষমতা বাড়াতে ব্যয় বাড়ানোর দাবি জানান।
বৈঠকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর চাহিদার আলোকে এলএমজি ও মর্টার তৈরি এবং ভবিষ্যতে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির বিষয়ে অবহিত করা হয়। তারা জানায়, ইতিমধ্যে কারখানায় টিঅ্যান্ডটি ফিলিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সেখানে নেভির পরিত্যক্ত জাহাজের স্ক্র্যাপ ব্যবহার করে গোলা তৈরি করা হচ্ছে।
এ ছাড়া বৈঠকে লেবাননে কর্মরত নারী শ্রমিকদের তত্ত্বাবধানে সেখানকার বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি ন্যস্ত করার পরামর্শ দেওয়া হয়।
সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আনিসুল হক, মুহাম্মদ ফারুক খান, মাহবুবুর রহমান, দীপু মনি, ইলিয়াস উদ্দিন, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম অংশ নেন।