ভিভিআইপিদের নিরাপত্তায় জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় নিতে হবে: প্রধানমন্ত্রী
বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের জনসংযোগ ও জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বা বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) এসএসএফের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনের সময় জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।’ দায়িত্ব পালনের সময় এসএসএফ সদস্যদের সহনশীল থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, এসএসএফের দায়িত্ব অনেক বেশি স্পর্শকাতর। এ দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা, তীক্ষ্ন বুদ্ধিমত্তা ও মানবিক সহনশীলতা। ভিভিআইপিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানান তিনি।বর্তমান প্রেক্ষাপটে ভিভিআইপিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা একটি স্পর্শকাতর ও জটিল বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে সন্ত্রাস এবং অপরাধের ধরন ও কৌশল পাল্টেছে। এ পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন যুুগোপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণ। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং বেসামরিক ও সামরিক প্রশাসনের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।