ভিমরুলের কামড়ে মৃত্যু, মামলা শিশুর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তরে ভিমরুলের কামড়ে দুজনের মৃত্যুর ঘটনায় এক শিশুর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মিন্টু দেবনাথ নামের এক ব্যক্তি ১৭ অক্টোবর মতলব উত্তর থানায় মামলাটি করেন। ওই শিশুর নাম উজ্জ্বল হোসেন (১৩)। সে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি শিকদার বাড়ির বাবুল হোসেনের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৪ অক্টোবর মুক্তিরকান্দি গ্রামের বড় বাড়ির পুকুর পাড়ে একটি গাছে ভিমরুলের বাসায় উজ্জ্বল দুষ্টুমি করে ঢিল ছোড়ে। এতে ভিমরুল উড়ে এসে কয়েকজনকে কামড়ায়। এ সময় ভিমরুলের কামড়ে চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভৌমিক নাথ বাড়ির মিন্টু দেবনাথের ছেলে শিশির দেবনাথ (৮) ও পার্শ্ববর্তী নাথ বাড়ির মাধুর্য রানী দেবী (৭০) মারা যান। ভিমরুলের কামড়ে অসুস্থ মাধুর্য রানীর ছেলে রণজিৎ দেবনাথ (৪৩) ও শিশিরের খালা প্রীতি রানী (২০) এখনো সুস্থ হননি। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুস্তম আলী শিকদার জানান, এ ব্যাপারে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘আমি ঘটনাটি জানি। উজ্জ্বল শিশু মানুষ। সে বুঝে এমনটি করেনি। তার কোনো দোষ নেই।’