ভিমরুলের হুলে প্রাণ গেল তিন বোনের
গত শনিবার বিকেলবেলা ইসলাম মিঞার বাড়ির ওপর দিয়ে জোর বাতাস বইছিল। কিন্তু কে জানত, সেটা আসলে তাঁর দুর্ভাগ্যের হাওয়া!
ওই বাতাসের তোড়ে দুলে ওঠে বাড়িটিকে ঘিরে থাকা উঁচু বাঁশঝাড়। ঘন বাঁশঝাড়ে ছিল একটি ভিমরুলের চাক। একটি বাঁশের সঙ্গে আরেকটির ঘষা লেগে ভেঙে যায় সেই চাক। ক্রুদ্ধ ভিমরুলের দল হামলা চালিয়ে বসে নিচে বাঁশের মাচায় খেলায় মগ্ন শিশুদের ওপর। শিশুদের আর্তচিৎকারে মুহূর্তে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
ভিমরুলের হুলে মৃত্যু ঘটে তিন বোনের। হাদিফা খাতুনের বয়স ৬ বছর, ফারজানা আকতারের ৪, আর মীম মাত্র ১১ মাসের শিশু। আক্রান্ত তিন বোনের চিৎকারে ছুটে এসেছিলেন মা তানজিনা বেগম। হুলের দংশন থেকে তিনিও রেহাই পাননি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ২৫ কিলোমিটার উত্তরে শিবরামপুর ইউনিয়নের আরাজী লস্করা গ্রামে শনিবার বিকেলের এ ঘটনা এলাকাবাসীকে স্তম্ভিত করে দিয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় সেখানে গিয়ে দেখা যায়, গ্রামজুড়ে সুনসান নীরবতা। পরিবারের সদস্যরা কেউ কোনো কথা বলছে না। শিশুদের বাবা ইসলাম মিঞা শোকে কাতর। প্রতিবেশী মোবারক হোসেন বলেন, গতকাল বাদ আসর একসঙ্গে তিন শিশুকে দাফন করা হয়েছে।
আরেক প্রতিবেশী স্থানীয় মিলনপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান আলী বলেন, কৃষক ইসলাম মিঞার বাড়িটি বাঁশঝাড় পরিবেষ্টিত। ঝাড়ের নিচে বাঁশের মাচায় কাজের অবসরে পরিবারের সদস্যরা সময় কাটায়। সেদিনও তিনটি শিশু সেখানে খেলছিল। একটা অলস বিকেল মুহূর্তে বিভীষিকাময় হয়ে উঠবে কেউ কল্পনাও করেনি।
ওই শিশুদের উদ্ধারে এলাকার লোকজনও ছুটে এসেছিলেন। তাঁরা খড় ভিজিয়ে কুন্ডুলী তৈরি করে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করেন। এভাবে ভিমরুল তাড়িয়ে মা ও তিন শিশুকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যায় হাদিফা ও ফারজানা মারা যায়। চিকিৎসকেরা তানজিনা ও মীমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে মীম মারা যায়।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান শাহজাহান নেওয়াজ বলেন, তিন শিশু এবং তাদের মায়ের শরীরে অনেক বিষাক্ত হুল ফুটে ছিল। ঘটনার পর স্থানীয়ভাবে চুনের পানি ছাড়াও বিভিন্ন টোটকার মাধ্যমে শিশুদের সুস্থ করতে চেষ্টা করা হয়। অবস্থা সংকটাপন্ন বুঝতে পেরে সন্ধ্যা সাড়ে সাতটার পর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। ততক্ষণে চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না।
শাহজাহান নেওয়াজ বলেন, ভিমরুলের হুল অত্যন্ত বিষাক্ত হলেও এর চিকিৎসা আছে। ঘটনার পরপরই দেরি না করে হাসপাতালে আনা হলে শিশুদের জীবন বাঁচানো যেত বলে তিনি মনে করেন।