ভিয়েতনামে বিখ্যাত টানেল পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বুধবার ভিয়েতনামের ঐতিহাসিক চু চি টানেল পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী রাশিদা খানমও ছিলেন। স্থানটিতে ভিয়েতনাম যুদ্ধকালে বেশ কিছু সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। খবর বাসসের।
ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েত কং (ভিয়েতনাম-কম্বোডিয়া) সেনারা লুকিয়ে থাকার জন্য ঐতিহাসিক ওই টানেলটি ব্যবহার করতেন। এটি যোগাযোগ, সরবরাহ পথ, হাসপাতাল, খাদ্য ও অস্ত্র মজুত এবং বসবাসের কাজেও ব্যবহার করতেন তাঁরা।
পরিদর্শনকালে একজন গাইড রাষ্ট্রপতি আবদুল হামিদকে মার্কিন বাহিনীকে প্রতিরোধে ভিয়েত কং সৈন্যদের কাছে টানেলটির গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি ১২১ কিলোমিটার দীর্ঘ টানেলটির অংশবিশেষ হেঁটে দেখেন। এর আগে সকালে ভিয়েতনাম এয়ারলাইনসের একটি ফ্লাইটে হ্যানয় থেকে হো চি মিন সিটিতে পৌঁছান তিনি।
ভিয়েতনামে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।