ভিয়েতনামে রাষ্ট্রপতি হামিদকে লালগালিচা সংবর্ধনা
চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল রোববার ভিয়েতনামে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছার পর রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। খবর বাসসের।
ভিয়েতনাম এয়ারলাইনসের একটি ফ্লাইট রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী রাশেদা খানম এবং সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে রাষ্ট্রপতি এই সফরে গেছেন।
ভিয়েতনামের প্রেসিডেন্টের অফিসের চেয়ারম্যান দাও ভিয়েত ট্রুং, ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাব উল্লাহ এবং বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং তুস বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে ভিয়েতনামের সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্টের গার্ড অব অনার পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর রাষ্ট্রপতিকে মোটর শোভাযাত্রাসহকারে হ্যানয়ের হোটেল শেরাটনে নিয়ে যাওয়া হয়। সফরকালে রাষ্ট্রপতি সেখানেই অবস্থান করবেন।
সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং ট্রুং তান সাংয়ের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।