ভিলেম ফান শেন্ডেল: ইতিহাসের সংগ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ ও প্রকৃতি নিয়ে ভিলেম ফান শেন্ডেল কাজ করছেন প্রায় ৪০ বছর ধরে। তিনি গবেষণার কাজে প্রথম বাংলাদেশে আসেন ১৯৭৪ সালে। মাঠপর্যায়ের গবেষণার জন্য ১৯৭৬ সালে দ্বিতীয় দফায় বাংলাদেশে এসে এখানে ছিলেন প্রায় দুই বছর। এরপর গত চার দশকে এ দেশে এসেছেন অজস্রবার। গবেষণার কাজে শেন্ডেল এ দেশের নানা অঞ্চল ঘুরে বেড়িয়েছেন, তবে বেশি ঘুরেছেন উত্তর-পশ্চিম অঞ্চল ও পার্বত্য এলাকায়। শেন্ডেলের প্রাথমিক গবেষণার বিষয় ছিল ধানচাষিদের নিয়ে। পরে তার বিষয়ের ক্ষেত্র ক্রমশ বেড়েছে। সেসবের মধ্যে আছে নীল চাষ, রেশম চাষ, পার্বত্য চট্টগ্রাম, চোরাচালান, ছিটমহল, নিম্নবর্গের ইতিহাস, জাতীয়তাবাদের ধারণা, বাংলা ভাষা ইত্যাদি। তবে তাঁর রচনার মূল প্রসঙ্গ হিসেবে ফিরে ফিরে এসেছে এ দেশের মানুষ এবং বৃষ্টি, নদী ও সাগরের পানি।

বাংলাদেশ ও সন্নিহিত অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে এ পর্যন্ত শেন্ডেলের বইয়ের সংখ্যা নয়। এর বেশ কয়েকটি বাংলায়ও অনূদিত হয়েছে। ২০০৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বেরোনো তাঁর লেখা আ হিস্টরি অব বাংলাদেশ বহু দেশের উচ্চতর শিক্ষাকেন্দ্রগুলোতে পাঠ্য। বইটি সম্প্রতি চীনা ভাষায়ও অনূদিত হয়েছে। শেন্ডেল বাংলাদেশ ও এর সমাজ, ভাষা, সংস্কৃতি ইত্যাদি নিয়ে শতাধিক রচনা প্রকাশ করেছেন।

১৯৩০-এর দশক থেকে বিশেষজ্ঞরা উপলব্ধি করতে শুরু করেন, মানুষের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের উপাদান যুদ্ধবিগ্রহসহ নানা কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা সেসব সংরক্ষণের ওপর প্রবল গুরুত্ব দিতে শুরু করেন। এ উপলব্ধি থেকে নেদারল্যান্ডসের আমস্টার্ডামে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক ইতিহাসের মহাফেজখানা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল হিস্টরি (আইআইএসএইচ)।

শেন্ডেল আইআইএসএইচের অন্যতম কর্মকর্তা এবং বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান। সেখানে তিনি বাংলাদেশের নথিপত্রের এক বিরাট সংগ্রহ গড়ে তুলেছেন। সে সংগ্রহে আছে বাংলাদেশের ছোট-বড় বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, শ্রমিক ও পেশাজীবী আন্দোলন, যুদ্ধাপরাধের বিচার, স্বাস্থ্য ও অর্থনীতি, বাংলাদেশকে দেওয়া নেদারল্যান্ডসের সহযোগিতা ইত্যাদির মূল দলিল, নানা পেপারকাটিং, পোস্টার, লিফলেটসহ বিচিত্র নথিপত্র। ইউরোপে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সামাজিক ইতিহাস ও শ্রমিক আন্দোলন নিয়ে গবেষণার জন্য এ সংস্থায় এক বিশাল আকর। বাংলাদেশ বিষয়ে এমন বহু দলিল সেখানে আছে, যা এখন বাংলাদেশেও সুলভ নয়। শেন্ডেল ৪০ বছর ধরে বহু যত্নে বিরাট এই সংগ্রহশালাটি গড়ে তুলেছেন।

১৯৪৯ সালে নেদারল্যান্ডসের আমস্টার্ডামে ভিলেম ফান শেন্ডেলের জন্ম। তিনি পড়াশোনা করেছেন আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয়ে। ১৯৮০ সাল তিনি যোগ দেন ইরাজমাস বিশ্ববিদ্যালয়। বর্তমানে আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

মুহাম্মদ লুৎফুল হক: সাবেক সেনা কর্মকর্তা, গবেষক