ভিসা ছাড়া গেলে আশ্রয় দেবে না অস্ট্রেলিয়া

কেউ ভিসা ছাড়া নৌযানে করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করলে তাঁকে আশ্রয় না দিয়ে পাপুয়া নিউ গিনি পাঠানো হবে। আজ সোমবার সকালে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার ক্রেইগ উইলকক তাঁর বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, ১৯ জুলাই পাপুয়া নিউ গিনির সঙ্গে চুক্তি সইয়ের পর প্রায় এক হাজার লোক অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা চালিয়েছেন। তাঁদের সবাইকে আটকের পর নতুন চুক্তির আওতায় পাপুয়া নিউ গিনিতে ফেরত পাঠানো হয়।
ক্রেইগ উইলকক জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তাঁরা আদৌ বাংলাদেশের নাগরিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নতুন এ কর্মসূচির বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ক্রেইগ উইলকক বলেন, ‘বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এ ছাড়া “বালি প্রসেস” নামে পরিচিত মানবপাচার রোধের প্রক্রিয়ায় আমরা একসঙ্গে কাজ করছি।’
১৯ জুলাই অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনি একটি চুক্তি সই করেছে। রিজিওনাল সেটেলমেন্ট নামের নতুন ব্যবস্থা অনুযায়ী, কেউ ভিসা ছাড়া নৌযানে চড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছালে তাঁদের পাঠানো হবে পাপুয়া নিউ গিনিতে। এরপর তাঁদের জাতীয়তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে। রাজনৈতিক আশ্রয় লাভে ব্যর্থ লোকজনকে স্বদেশে বা তৃতীয় কোনো দেশে পাঠানো হবে।
ক্রেইগ উইলকক বলেন, নৌযানে চড়ে বিপজ্জনকভাবে বিদেশ পাড়ি দিতে মরিয়া লোকজনের মৃত্যু রোধ ও মানবপাচার বন্ধে অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নিয়েছে।